বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে জনবল নিয়োগে দুর্নীতির আরও তিনটি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এসব রায় ঘোষণা করেন। এ তিন রায়ের প্রতিটিতেই রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (পরবর্তীতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাময়িকভাবে বরখাস্ত) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও/পূর্ব গোলাম কিবরীয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রেজাউল করিম রনি আজাদীকে বলেন, প্রতিটি মামলায় ইউসুফ আলী মৃধাকে মোট ২ বছর করে এবং গোলাম কিবরীয়াকে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মোট ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতসূত্র জানায়, একটি মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজেদের ও অন্যদের লাভবান করতে ক্ষমতার অপব্যবহার করে লিখিত পরীক্ষার খাতায় ওভার রাইটিং, ঘষামাজা ও কাটাকাটি এবং জাল রেকর্ডপত্র তৈরি করে নিয়োগের সুপারিশ ও অনুমোদনের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য একটি মামলায় লিখিত পরীক্ষার খাতা ও শিক্ষকদের টেবুলেশন শিটে ফলাফল গরমিল করে উত্তীর্ণ প্রার্থীর বদলে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগে জাল রেকর্ডপত্র তৈরি, সুপারিশ, নিয়োগ লাভ ও অনুমোদনের অভিযোগের রায় দেওয়া হয়। এছাড়া তৃতীয় মামলাটিতেও লিখিত পরীক্ষার খাতায় ওভার রাইটিং, ঘষামাজা ও কাটাকাটি এবং জাল রেকর্ডপত্র তৈরি করে নিয়োগের সুপারিশ ও অনুমোদনের অভিযোগে এ দণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে তিন মামলার অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে বলেও আদালতসূত্র জানায়।
উল্লেখ্য, গত সোমবার ও গত রোববার রেলওয়ে পূর্বাঞ্চলে জনবল নিয়োগে দুর্নীতির পৃথক তিনটি মামলায় রায় ঘোষণা করা হয়েছিল। যেখানে এই দুই কর্মকর্তাকে যথাক্রমে দুই ও তিন বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন একই বিচারক।











