তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড় আর সাঙ্গু নদীর বাঁক পেরিয়ে মেঘের কোলে গড়ে ওঠা জনপদ তিন্দু। যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে পাহাড়ি মানুষের প্রতিদিনের কঠিন জীবনসংগ্রাম। সেই দুর্গমতাকে জয় করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’–এর সব শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ, খাতা–কলম ও শিক্ষা সামগ্রী হাতে পেয়ে পাহাড়ের এই কোমলমতি শিশুদের চোখেমুখে ফুটে উঠেছে উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের ঝিলিক। সরকারি স্বীকৃতির পর বেসরকারি এই উদ্যোগ দুর্গম পাহাড়ে শিক্ষার প্রসারে নতুন গতির সঞ্চার করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন বলেন, বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসবিজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। পাহাড়ের এই পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার পথকে কিছুটা সহজ করতেই মানবিক উদ্যোগ নিয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। এসবিজির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো–অর্ডিনেটর মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানার পর এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। মাসুদুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও এই বিদ্যালয় ও শিক্ষার্থীদের পাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন ব্যাগ ও শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত ৮ম শ্রেণির শিক্ষার্থী নিবেত খুমী ও ৯ম শ্রেনীর শিক্ষার্থী সুমিয়া অং খুমী। তারা বলেন, নতুন শিক্ষা সামগ্রী পেয়ে ভাল লাগছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কঠিন চীবর দানোৎসবে এনামুল হক এমপি
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু