পটিয়ায় কঠিন চীবর দানোৎসবে এনামুল হক এমপি

আগুন সন্ত্রাসীদের বাড়ি থেকে ধরে এনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

দেশের জানমাল রক্ষায় সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, আগুন সন্ত্রাস, অবৈধ মিছিল–মিটিং কিংবা জনগণের মধ্যে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। কখন পুলিশ আসবে, কখন সেনাবাহিনী আসবে, কখন বিজিবি আসবে সেই অপেক্ষায় আমরা বসে থাকতে পারব না। আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে বাড়ি থেকে ধরে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এটা মগের মুল্লুক নয়, যে যার ইচ্ছামতো সন্ত্রাস করবে। শনিবার রাতে পটিয়া উপজেলার পিঙ্গলা মঙ্গলা–বৈদ্য বিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুমহাসভার সহ–সভাপতি কর্মবীর ভদন্ত আর্যকীর্তিমহাথের। আশীর্বাদক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত বজিরানন্দ মহাথের।

উদ্বোধন করেন পিঙ্গলা মঙ্গলা–বৈদ্য বিহারের অধ্যক্ষ ভদন্ত সিদ্ধার্থ বংশ থের। মুখ্য আলোচক ছিলেন পিঙ্গলা সার্বজনীন বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পীযুষ বড়ুয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেতু বড়ুয়া। যৌথভাবে সঞ্চালনা করেন কুনাল চৌধুরী, রাসেল বড়ুয়া ও সুজন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদস্য ও যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ এবং কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী রেজাউল করিম ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়ন প্রমুখ। সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন আপন বড়ুয়া, ব্যবসায়ী শেখ মোহাম্মদ রাশেদুল আলম, সৌমেন বড়ুয়া ডিম্পল, প্রণয়ন বড়ুয়া শাপলা ও পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আজম। এ ছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক রুবেল বড়ুয়া, তুষার বড়ুয়া ও রিপন বডুয়া।

পূর্ববর্তী নিবন্ধইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধতিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল