আনন্দলোকে মঙ্গলালোকে

তাৎপর্যময়, ইঙ্গিতময় ও কারুকার্যময়

রাশেদ রউফ | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

‘হাওয়াই মিঠাই‘ আমাদের শৈশবের একটুকরো আনন্দ। গোল গোল গোলাপি–সাদা রঙয়ের হাওয়াই মিঠাই নিয়ে হাঁকডাক দিতে দিতে এসে হাজির হতো কোনো এক বিক্রেতা। পুরনো কাচের বোতল, লোহার জিনিসপত্র বা পয়সা দিলেই পাওয়া যেতো কয়েক টুকরো হাওয়াই মিঠাই। মুখে দেওয়ার সাথে সাথে নিমিষেই মিলিয়ে যেতো। স্বপ্নিল ছোঁয়া দিয়ে। হাওয়াই মিঠাই। কিন্তু এই হাওয়াই মিঠাই কি পকেটে থাকে? এটা কি কিশোরকবিতার বইয়ের নাম হতে পারে?

কবি সুবর্ণা দাশ মুনমুন যখন ‘পকেটে তার হাওয়াই মিঠাই’ বইয়ের পাণ্ডুলিপি নিয়ে আমার কাছে এলো, তখন তাকে বলেছি–বইয়ের নাম নিয়ে আরেকবার ভাববার জন্য। পরে এই নামটি পড়তে পড়তে আমারও ভালো লাগা শুরু হয়ে যায়। সবচেয়ে বড়ো কথা, ‘পকেটে তার হাওয়াই মিঠাই’ নামের কবিতাটি যখন পড়লাম, তখন রীতিমতো অভিভূত হলাম। আনন্দ আর বিস্ময় খেলা করছিলো মন জুড়ে। পুরো কবিতাটি এখানে তুলে ধরার লোভ সংবরণ করতে পারলাম না।

‘পকেটে কি হাওয়াই মিঠাই? পকেটে কি গান?

দস্যি ছেলে গুটিয়ে রাখে জামার হাতাখান।

জামার হাতায় রোদ নেমে যায় পুবাল হাওয়ার মাঠে

জাউটা বকের ডানায় কারা ফিরছে এ তল্লাটে?

কারা তারা? কাচপোকারা– ডাক দিল নাম ধরে

ফিরছে ধেয়ে ঝিঁঝির মেয়ে একশো দুশো করে।

একটা দুটো আলাপ ধরে, একটা দুটো তান

গাইছে হেসে নিরুদ্দেশে পলকা হাওয়ার গান।

গানের সুরে দুলছে দূরে এক মাথা এক নিম

কী লুকালো পাতার ভাঁজে? ঘাসফড়িঙের ডিম?

হঠাৎ কেমন গান থেমে যায়, রোদ নেমে যায় দূরে

বাউল বুড়োর গানের মতো রোদ কি ভবঘুরে?

এক পকেটে পাতার বাঁশি অন্যটাতে কী

–বলছে দেখো জলের গানে আকাশ ভরেছি।’

বিষয়ে, বক্তব্যে, ছন্দে, অলংকারে, উপমায় কবিতাটি অসাধারণ।

‘পকেটে তার হাওয়াই মিঠাই’ তার পঞ্চম বই। সবকটি বই কিশোরকবিতার। বর্তমানে যে কয়েকজন লেখক কিশোরকবিতার ভুবনকে আরো উজ্জ্বল–আরো বর্ণিল করার প্রয়াস চালাচ্ছে, সুবর্ণা দাশ মুনমুন তাদের অন্যতম। তার প্রথম বই ‘পাখির ডানায় মন’ অর্জন করেছিলো স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২২। দ্বিতীয় বই ‘হাওয়া গান ঝিরঝির’ পেয়েছে মুজিবুর রহমান–কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৩। তার চতুর্থ বই ‘মেঘভেজা দিন একলা বাড়ি’ অর্জন করেছে ‘অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২৫’। পুরস্কার লেখালেখির বড়ো মাপকাঠি না হলেও আমরা সহজে বুঝতে পারি, সুবর্ণা দাশ মুনমুন একজন মেধাবী কবি। তার প্রায় সবকটি বই ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে। নামে কিশোরকবিতা হলেও তার সমস্ত সৃষ্টি যেন একেকটা আধুনিক কবিতা বা তার কাছাকাছি। অত্যন্ত শিল্পসাধ্য ও ভাববহ ভাষা আয়ত্ত করেছে মুনমুন, ফলে তার কবিতায় প্রকাশ পায় সহজ সৌন্দর্য। আমি তার কয়েকটি পঙ্‌ক্তির উদ্ধৃতি দিচ্ছি :

‘সিঁদুর মেঘার সিঁদুর আছে, লাল ফড়িঙের ঘুড়ি

ধুলোট মেঘার তুলোট বালিশ, কমলা রোদের চুড়ি’

কিংবা,

‘বুড়োর কী আর সকাল বিকেল দিন ফুরোলেই রাত

মাথার উপর চাঁদের টোপর পরায় জ্যোৎস্না রাত।’

কিংবা,

‘হাত পেতেছি আঙুল ডগায় বৃষ্টি ছোঁব আজ,

বৃষ্টি হয়তো মা কিংবা মায়ের শাড়ির ভাঁজ।’

ব্যঞ্জনা, সাফল্য ও কৃতিত্ব সুবর্ণা দাশ মুনমুন কতটুকু সঞ্চার করেছে, উদ্ধৃত পঙ্‌ক্তিগুলো বিচার করলে সহজে স্পষ্ট হয়ে ওঠে। তার বাক–ব্যঞ্জনা, উপমা, চিত্রকল্প ও নির্মাণ–কৌশল তাকে বিশিষ্ট করে তুলছে। কবিতা যে শ্রব্যমান, দৃশ্যমান ও স্বাদযুক্ত, তা নতুন করে বোঝা যায় তার কবিতা পড়েও। কোথাও কোথাও মনে হতে পারে নতুনত্ব নেই, মনে হতে পারে অত্যন্ত সহজ সরল। কিন্তু আমি মনে করি, এই সরলতাই তার সম্পদ। কেননা তার প্রকাশভঙ্গি তাৎপর্যময়, ইঙ্গিতময় ও কারুকার্যময়। মুনমুন যখন লিখে :

‘সুয্যি বাবু ফেরার তাড়ায় ধুতির কাছা ধরে

ঠিক তখুনি ঝোঁপের মাথায় রোদ নামে টুপ করে।

সোনার কাঠি রুপোর কাঠি রোদ মিলালো যেই

ঘুম ভেঙে মেঘ ছুট লাগালো নিজের অজান্তেই।’

তখন ভাবনার নতুন ডালি আমাদের সামনে উঠে আসে। প্রবল আত্মগত ভাবোচ্ছ্বাসের প্রত্যক্ষ ও স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ তার কবিতায় লক্ষণীয়। মালার্মে বলেছেন, ‘শব্দই কবিতা।’ এটা অক্ষরে অক্ষরে স্পষ্ট হয়ে ওঠে মুনমুনের কবিতায়। শব্দের পর শব্দ সাজিয়ে জাদুকরের মতো বিস্ময় সৃষ্টি করে সে। সে লিখছে–

‘রোদ ঝুমঝুম দুপুর নিঝুম ঝিমোয় দূরের ঘর

এক পা দু’পা হাঁটছে বিকেল তেপান্তরের পর’।

কিংবা,

‘ঘিঞ্চি ঘরের ফুটো ধরে জ্যোৎস্না নামার পর

খবর আসে ঘুমিয়ে গেছে সমস্ত শহর।’

এই পঙ্‌ক্তিগুলোর মধ্যে যে সৌন্দর্য ফুটে উঠেছে, তা সত্যিই বিস্ময়কর। এডগার এলান বলেছেন, ‘কবিতা হলো সৌন্দর্যের ছন্দোময় সৃষ্টি।’ প্রকৃতিকে কী অপরূপ ও নতুন করে সাজানো যায় তা দেখা যায় মুনমুনের কবিতায়। প্রবল আবেগময় বলে তার কবিতায় কাব্য–উপকরণের প্রখর ও ব্যাপক ব্যবহার চোখে পড়ে। ‘চমৎকার চিত্রকল্প ও উপমা, অপূর্ব ছন্দমাধুর্য, চিত্তাকর্ষক অন্ত্যমিল এবং গীতল সুরধ্বনি’ তার কবিতাকে করেছে সুষমামণ্ডিত ও আকর্ষণীয়। বিশেষ করে তার কবিতা হৃদয়গ্রাহী হয়ে ওঠে সযত্নচয়িত শব্দ ব্যবহারের ওপর।

শুধু প্রকৃতি নয়, শুধু নদী, পাখি, ফড়িং, ডাহুক, রোদ, মেঘ, বৃষ্টি, জোনাকি, জ্যোৎস্না নয়, সমকালীন বিষয়–আশয়ও কবিতার অনুষঙ্গ হিসেবে ধরা দিয়েছে তার কবিতায়। এসেছে ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ ও সামাজিক সমপ্রীতির বিষয়ও।

সম্প্রীতির চিত্র উঠে এসেছে পাখিরা জেগেছে কবিতায়–

দুভাগ হয়েছে পাড়া

এভাগে ছুটেছে পৈতে বামুন শালগ্রাম সাথে করে

ওভাগে মোরগ হাঁক ছাড়ে জোরে মুসলমানের ঘরে।

সব মিলিয়ে সুবর্ণা দাশ মুনমুনের ‘পকেটে তার হাওয়াই মিঠাই’ বইটি কিশোরকবিতার ভুবনে অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে। কোথায় কোথায় তার ত্রুটি–বিচ্যুতি, পতন ও অবনতি, সে–বিষয়ে আমি যেতে চাই না। আমি কেবল তার শক্তির পরিচয় তুলে ধরার চেষ্টা করেছি। আমি মনে করি, কিশোরকবিতায় যে স্বর ও সুর নিয়ে সে এসেছে, তার সাফল্যকে উদযাপন করা দরকার।

লেখক : সহযোগী সম্পাদক, দৈনিক আজাদী;

ফেলো, বাংলা একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যে বিষাক্ত উপাদানের নীরব আগ্রাসন : সুস্থ জীবনের পথে বড় বাধা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ