লাইফ সাপোর্টে লড়াই শেষে চলে গেলেন সিটি কলেজের শিক্ষার্থী মিফতাহুল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল জান্নাত (১৯)। একাডেমিক কাগজপত্র আনতে কলেজে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

এরপর হাসপাতালের বিছানায় লাইফ সাপোর্টে চলছিল তাঁর বেঁচে থাকার লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াই থেমে গেল। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিফতাহুল।

গত ১৭ নভেম্বর সকালে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার নানাবাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হয়েছিলেন মিফতাহুল। পথিমধ্যে চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানেই লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা চলছিল মিফতাহুলের। পরিবারের সদস্যদের আশা ছিল, চিকিৎসা শেষে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। কিন্তু রোববার দিবাগত রাতে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মিফতাহুল জান্নাত এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম সিটি কলেজ থেকে পাস করেছেন। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এসএসসি পরীক্ষার পর থেকে আনোয়ারার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন মিফতাহুল।

নিহত মিফতাহুল পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত আনিসুজ্জামান ও মা রিজিয়া বেগম।

মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসকেরা মিফতাহুলকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে আসরের নামাজের পর পটিয়ায় তাঁদের গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় ওই কলেজছাত্রী আহত হওয়ার পর থানায় একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি কাগজপত্র নিতে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর পূরণ হলো না মিফতাহুলের—একটি সম্ভাবনাময় জীবনের এমন অকাল সমাপ্তি স্বজনদের জন্য রেখে গেল গভীর শোক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এইচএসসির পুনর্মূল্যায়ন বদলেছে ২ হাজার ৪৩ শিক্ষার্থীর ফল
পরবর্তী নিবন্ধসেন্ট মার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, হাঙর ও শাপলাপাতা মাছ উদ্ধার