২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। আবেদনকারীদের ৭ দশমিক ৫৩ শতাংশের ফল বদলেছে।
আজ সোমবার বিকেলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার চট্টগ্রাম বোর্ডে মোট ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন। তাঁরা বিভিন্ন বিষয়ের মোট ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন। যাচাই শেষে তাঁদের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে প্রায় সাড়ে সাতজনের ফল বদলেছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন।










