নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি, বেতন–ভাতা এবং সন্তান জন্মের পর আবার ক্রিকেটে ফেরার সুযোগ–সুবিধা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ওয়ার্কিং কমিটিতে অনুমোদন পাওয়া নীতিমালাটি আগামী ২৮ তারিখের বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। এটি অনুমোদিত হলে নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সময় এবং মাঠে ফেরার প্রক্রিয়া নিয়ে নির্দিষ্ট নীতিমালা পাবে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। কোনো নারী ক্রিকেটার খেলার সময় অন্তঃসত্ত্বা হলে কত মাসের বেতন পাবেন, মাতৃত্বকালীন সময় কী ধরনের সুবিধা দেওয়া হবে এবং সন্তান জন্মের পর কত দ্রুত ও কী প্রক্রিয়ায় ক্রিকেটে ফিরতে পারবেন; সবকিছুই রাখা হয়েছে এই নীতিমালায়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে তামিম বলেছেন,মেটারনিটি ওমেন্স ক্রিকেটার যখন প্রেগন্যান্ট হবেন, তারপরে রিটার্ন টু প্লে; এই বিষয়টি নিয়ে আমরা একটি পলিসি তৈরি করেছি। এদিকে নারী ক্রিকেটে হয়রানির অভিযোগ ও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে স্বাধীন তদন্ত কমিটির ওপর দায়িত্ব ছেড়ে দিতে চান তিনি। কমিটির সিদ্ধান্তে নিজের প্রভাব বিস্তারেরও ইচ্ছা নেই বলে জানিয়েছেন তামিম।
বিসিবি সভাপতির কাছে নারী ক্রিকেটারদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘আমরা চাই আমাদের মেয়েরা নিরাপদ থাকুক। খেলাধুলার বিষয় পরে আসে, তাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা ভালো খেলবে, খারাপ খেলবে, জিতবে না হারবে; এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। তারা যখন ক্রিকেট খেলতে যাবে, তখন তাদের নিরাপদ বোধ করতে হবে। পরিবারেরও নিশ্চিত থাকতে হবে, মেয়েকে খেলতে পাঠালে তার সঙ্গে কোনো ভুল কাজ বা হয়রানির ঘটনা ঘটবে না। এটাই আমার অগ্রাধিকার।’ হয়রানির অভিযোগ তদন্তে স্বাধীন কমিটির ভূমিকার কথা উল্লেখ করে তামিম বলেন, ‘আমি জোর করে বা হঠাৎ করে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে চাই না, যেটার জন্য পরে আফসোস করতে হয়। সিদ্ধান্তটা স্বাধীন কমিটি নেবে। যাদের এই কমিটিতে রাখা হয়েছে, তারা অনেক বেশি সক্ষম। আমি তাঁদের শুধু অনুরোধ করতে পারি, কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। আমার অনুরোধ থাকবে, যে সিদ্ধান্তই আসুক, সেটি যেন সঠিক হয়।’









