দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টেস্ট হেরে এখন সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য এখন টাইগারদের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেও ৯ উইকেটে হার মানতে হয়েছে সফরকারীদের। প্রথম টেস্টের ভেন্যু জোহানেসবার্গে এত বড় সংগ্রহ গড়ার পর কোনো দল এর আগে ম্যাচ হারেনি। কিন্তু অনাকাঙ্ক্ষিত সেই ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশ। দাপুটে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের আলোচিত পেস আক্রমণকে দিশেহারা ও ছন্দহীন মনে হয়েছে। তবে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেসারদের ওপর অতিরিক্ত কাজের চাপ, বিশেষ করে হাসান মাহমুদের নিরলস বোলিং। অতিরিক্ত বোলিংয়ের ধকল সামলাতে গিয়ে চোটে পড়েন হাসান, যে কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার সতীর্থ পেসার তাসকিন আহমেদকেও বল পুরোনো হয়ে যাওয়ার পর ক্লান্ত মনে হয়েছে। তৃতীয় পেসার এবাদত হোসেনের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণে এই দুই পেসারের ওপর কাজের চাপ আরও বেড়ে যায়। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, সিরিজে ছন্দে থাকা শরিফুল ইসলাম কিংবা সৈয়দ খালেদ আহমেদের মতো পেসারদের কেন বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকান কন্ডিশনে চার পেসারের পরিবর্তে তিন পেসার নিয়ে মাঠে নামাকে বিশেষজ্ঞরা বোকামি বলে অভিহিত করছেন।
এদিকে চোটের কারণে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও হারিয়েছে বাংলাদেশ। ফলে প্রথম টেস্টের দল থেকে বেশ কিছু পরিবর্তন আনতে হবে তাদের। ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স জানান, একাদশের সমন্বয় নিয়ে এখনো আলোচনা চলছে। আগের টেস্টে বাংলাদেশ সাত ব্যাটার নিয়ে খেলেছিল। তবে এখনো একাদশ চূড়ান্ত করিনি। মাঠে গিয়ে উইকেট দেখার পর ঠিক করবো, একাদশ কেমন হবে।
সেঞ্চুরিয়নে আগের টেস্টগুলোতে ভারত ও পাকিস্তানের মতো দল চার পেসার নিয়ে খেলেছে। বাংলাদেশের স্কোয়াডেও এখন চার পেসার রয়েছেন। তবে অন্য দলগুলোর কৌশল অনুসরণ না করে নিজেদের প্রয়োজন অনুযায়ী বোলিং আক্রমণ সাজাতে চান সিমন্স।
দুই দেশের টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশ নাজুক অবস্থানে আছে। দুই দলের মধ্যে আগের ১৭টি টেস্টে ১৫টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ খারাপ আবহাওয়ার কারণে ড্র হয়েছে। ১৫টি হারের মধ্যে ৯টিতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। এবারের দ্বিতীয় টেস্টে আপাতত সেই ব্যর্থতার বৃত্ত ভাঙার সুযোগ বাংলাদেশের সামনে।







