চুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া কবে শুরু

চুয়েট প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৫:২৭ অপরাহ্ণ

দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এগিয়ে চললেও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি কার্যক্রমে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক অচলাবস্থা ও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের কারণে ভর্তি কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ইতোমধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদনের যোগ্যতার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। তবে চুয়েটের পক্ষ থেকে এখনো পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় সাধারণত কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। প্রথমে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। আবেদন যাচাই-বাছাই শেষে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন হয় নির্দিষ্ট সময় ও যথাযথ প্রশাসনিক প্রস্তুতির।

চুয়েটে চলমান আন্দোলন ও প্রশাসনিক সংকট শুরুর আগে গত ১৯ সেপ্টেম্বর স্নাতক ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা আয়োজনের কথা রয়েছে। তবে এরপর থেকে ভর্তি কার্যক্রমের অগ্রগতি কিংবা পরবর্তী সময়সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ঘোষিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে স্নাতক ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হওয়ার পর আমরা কাজ শুরু করব। ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আগের একাডেমিক কাউন্সিলের অনুমোদন রয়েছে। ৩০ থেকে ৩৫ দিন সময় হাতে পেলেই ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।”

চলমান সংকটের কারণে ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “আমাদের হাতে এখনো সময় আছে। আমরা সবাই চাই, সংকটের সমাধান হয়ে যাক। এর মধ্যে যদি উপাচার্য আসেন, তাহলে কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে। উপাচার্য ছাড়া আসলে ভর্তি কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। যদি ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্যার সমাধান হয়, তাহলে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আর যদি সমস্যার সমাধান না হয়, তাহলে জটিলতা তৈরি হবে।”

এদিকে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি খুদেবার্তায় জানান, “আমি অবগত হয়েছি যে, ইসিই অনুষদের ডিন মহোদয়ের সভাপতিত্বে ডিনবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ২৩ জানুয়ারি, ২০২৭ প্রস্তাব করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, একাডেমিক কাউন্সিলে বিস্তারিত পর্যালোচনা ও অনুমোদনের পরই কেবল এটিকে চূড়ান্ত সময়সূচি হিসেবে ঘোষণা করা সম্ভব।

“ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই আমরা একাডেমিক কাউন্সিলের সকল সদস্যকে নিয়ে সভা আহ্বান করব। যত দ্রুত একাডেমিক কাউন্সিলের সভা সম্পন্ন করা যাবে, তত দ্রুতই ভর্তি পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ প্রকাশ করা সম্ভব হবে।”

ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পর্কে তিনি আরও বলেন, “ইতিমধ্যে আমি সিনিয়র অধ্যাপকদের সঙ্গে এ বিষয়ে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছি এবং তাঁদের মতে, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে আমাদের আনুমানিক ৫ থেকে ৬ সপ্তাহ সময় প্রয়োজন হবে।”

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদটিও বর্তমানে শূন্য রয়েছে। গত ১ সেপ্টেম্বর রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ হুমায়ুন কবীর। পরে তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ৭ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের অনেক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এখনো উপাচার্য ভবনে তালা দিয়ে রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সাউদার্ন ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর