রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় সংসদ সদস্যের কঠোর অবস্থান, চলমান মাদকবিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
স্থানীয়, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কর্ণফুলী ও ইছামতী নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনা ঘটছিল। চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর কঠোর অবস্থানের পর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়ে গেছে। এতে নদীভাঙন কমার পাশাপাশি বালুমহাল ঘিরে সক্রিয় থাকা অপরাধী চক্রগুলো কোণঠাসা হয়ে পড়েছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার সরফভাটা, পদুয়া, শিলকসহ দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে সন্ত্রাসী ও মাদক কারবারিদের দমনে জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা ও মীরেরখীল এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। গত এক সপ্তাহে নিয়মিত মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান–রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকা ও জনপদে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে আমাদের সমন্বিত সাঁড়াশি অভিযান চলছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।










