খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মাটির নিচ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় মর্টারশেলটি পাওয়া যায়।
মর্টারশেলটির সন্ধান পাওয়া বেলাল হোসেন জানান, বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খোঁড়ার সময় প্রায় এক ফুট নিচে একটি লোহার বস্তুর সাথে তার কোদাল আটকে যায়। পরে বস্তুটি মাটি থেকে তুলে তিনি তার ভাই সেকান্দারকে বিষয়টি জানান। সেটি কী জিনিস, তা জানার জন্য সেকান্দার বস্তুটি বিভিন্ন স্থানে নিয়ে যান। একপর্যায়ে গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে সেটি কাটার চেষ্টা করলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। তখন স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে মর্টার শেল হিসেবে শনাক্ত করেন এবং নিরাপত্তার স্বার্থে স্থানীয় জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া মর্টার শেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করে দেখবেন।












