কাতারের দোহায় অনুষ্ঠানরত রাইজিং স্টার্স এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বোলারদের সম্মিলিত চেষ্টায় হংকংকে নাগালে আটকে রাখে বাংলাদেশ ‘এ’ দল। রান তাড়ায় সাইফ হাসান ও ইয়াসির আলির পঞ্চাশ ছোঁয়া অপরাজিত ইনিংসে দাপুটে জয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ শুরু করেছে তারা। আসরের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ের ২১৯ রান ৫৪ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। হংকংয়ের হয়ে ফিফটি করেন দুইজন। দুটি ছক্কা ও পাঁচটি চারে ৭৭ রান আসে আনশি রাঠের ব্যাট থেকে। একটি ছক্কা ও পাঁচটি চারে এইজাজ খান করেন ৬৭ রান। আর কেউ ২০ রানও করতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন। রান তাড়ায় এক ছয় ও চার চারে ৮৬ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন সাইফ। সঙ্গে বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। আগ্রাসী ব্যাটিংয়ে পাঁচটি ছক্কা ও তিনটি চারে ৫১ বলে ৭১ রান করেন ইয়াসির। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫২ রানে তিন উইকেট হারায় হংকং। শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠে তারা আনশি ও এইজাজের ব্যাটে। দুইজনে গড়েন ১২৮ রানের জুটি। ২৯তম ওভারে সামিউন বাশিরকে ছক্কায় উড়িয়ে ৫৭ বলে ফিফটি স্পর্শ করেন আনশি। কিন্তু মন্থর ব্যাটিংয়ে রান বাড়ানো এইজাজের পঞ্চাশ আসে ৯০ বলে। রকিবুল হাসানের ওভারে জোড়া উইকেট হারায় হংকং। আনশি ক্যাচ দিয়ে ফেরার এক বল পর রান আউটে কাটা পড়েন আব্দুল সামাদ। দুই ওভার পর এইজাজকে কট বিহাইন্ড করেন ইকবাল। রান তাড়ায় পঞ্চম ওভারে পারভেজ হোসেনকে হারায় বাংলাদেশ। দুটি চারে ১২ রান করে ফেরেন এই ওপেনার। এরপর দলকে টানেন সাইফ ও শাহাদাত হোসেন। দারুণ খেলে পঞ্চাশের কাছে পৌঁছে যান শাহাদাত। কিন্তু ফিফটি করা হয়নি তার। আতিক ইকবালের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি একটি ছক্কা ও ছয়টি চারে ৪৩ রান করে। তাতে ভাঙে ৮৪ রানের জুটি।এরপর আর দলকে উইকেট হারাতে দেননি সাইফ ও ইয়াসির। ৮০ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত খেলে যান সাইফ। এহসান খানকে টানা তিনটি ছক্কা হাঁকান ইয়াসির। প্রথম ছক্কায় ফিফটি স্পর্শ করেন তিনি, ৪৩ বলে। এই দুইজনের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।












