চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন (সিকেএফ) পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাজেদুর রহমান। গত বুধবার পরিদর্শনকালে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা, কিডনি রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং দরিদ্র ও অসচ্ছল রোগীদের জন্য পরিচালিত মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মতিউর রহমান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এবং মেডিকেল অফিসার ডা. কনিকা দে। পরিদর্শনকালে জানানো হয়, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে বর্তমানে প্রতিদিন ১০০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা প্রদানের সক্ষমতা রয়েছে। দিন–রাত ২৪ ঘণ্টা ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু রয়েছে। বিশেষ করে গরিব, অসহায় ও আর্থিকভাবে দুর্বল রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে এই ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অত্যন্ত অসচ্ছল রোগীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
পরিদর্শনকালে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কিডনি রোগীদের সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।












