রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দারসহ দুজন সাময়িক বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দারসহ পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের দুজনের বিরুদ্ধেই বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে বিষয়টি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জানাজানি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশের পর। সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন– রাঙামাটির জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার এবং খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এসময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে, তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার ছিলেন। অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। ওই মামলার ভিত্তিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন দেব্রত সরকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন। এসময় তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় হলো জ্ঞান গবেষণার হাব