চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ভালো ফলাফল দিয়ে একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারের মানসিকতা অর্জন করতে হবে। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার হালিশহর মুনিরনগরে জরিনা–মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ আয়োজিত নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক বলেন, মাদক আজ সমাজের অন্যতম বড় সমস্যা। মাদকের কারণে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, সন্তান বাবা–মায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী যেন একটি করে গাছ লাগায় এবং স্নাতক শেষ করা পর্যন্ত সেই গাছের পরিচর্যা করে। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ মাজহারুল ইসলাম, কলেজের দাতা সদস্য মোহাম্মদ হরমুজ শাহ বেলাল, বিদ্যোৎসাহী সদস্য জান–ই–আলম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, ওয়াহিদ ইমাম খান সারাত। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শিপুল কুমার দে। শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












