সীমানা বিরোধে ভোটের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন

সদর ও চাতরী ছাড়া ৯ ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি

এম.নুরুল ইসলাম, আনোয়ারা | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সীমানা বিরোধের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের তালিকা থেকে বাদ পড়েছে ৭ নম্বর আনোয়ারা সদর ও ৮ নম্বর চাতরী ইউনিয়ন। ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে চাতরী ইউনিয়ন থেকে পৃথক করে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবি ও পাল্টা আপত্তি নিয়ে বিগত দুই বছর ধরে চলছে বিরোধ। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টির নাম থাকলেও গুরুত্বপূর্ণ এ দুটি ইউনিয়নের নাম নেই। এতে ইউনিয়ন দুটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রকাশিত ধাপভিত্তিক তালিকায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ধাপের তালিকায় আনোয়ারা উপজেলার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। তবে আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নের নাম রাখা হয়নি।

জানা যায়, আনোয়ারা উপজেলা সদরের একেবারে কাছে অবস্থিত ডুমুরিয়া ও রূদুরা গ্রাম। উপজেলা সদর থেকে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত গ্রাম দুটিতে পাঁচ হাজারেরও বেশি মানুষের বসবাস। ভৌগোলিকভাবে আনোয়ারা সদর ইউনিয়নের সংলগ্ন হলেও প্রশাসনিকভাবে গ্রাম দুটি প্রায় চার কিলোমিটার দূরের চাতরী ইউনিয়নের অন্তর্ভুক্ত। ফলে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে স্থানীয় বাসিন্দাদের দূরের চাতরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা।

এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে ডুমুরিয়া ও রূদুরা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্রাম দুটি আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। দাবির পক্ষে উঠান বৈঠক, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাঁরা। গত বছরের ১৫ জুন উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন এলাকাবাসী।

অন্যদিকে, ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে ২০২৫ সালের ২৫ জুন জেলা প্রশাসকের কাছে পাল্টা স্মারকলিপি দেন সদর ইউনিয়নের বাসিন্দারা । তাঁদের আশঙ্কা, নতুন করে গ্রাম দুটি যুক্ত করা হলে সদর ইউনিয়নের বিদ্যমান সীমানা, প্রশাসনিক কার্যক্রম ও সামাজিক সমপ্রীতিতে জটিলতা তৈরি হতে পারে। মূলত এ কারণে বিষয়টি কোনো সমাধান ছাড়াই ঝুলে থাকে।

এরই মধ্যে নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় ধাপের তালিকায় সদর ও চাতরী ইউনিয়নের নাম না থাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রকাশিত তালিকায় ইউনিয়ন দুটি অন্তর্ভুক্ত না করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এ অবস্থায় সীমানা বিরোধ নিষ্পত্তি এবং দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পূর্ববর্তী নিবন্ধ২২ নভেম্বরের মধ্যে কক্সবাজার সৈকত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ