প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ৬২ বছরে পদার্পণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তাঁর পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন।

স্কুলে যাওয়ার বয়স হলে তাঁর বাবা–মা তাঁকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। নিয়মিত শিক্ষাকার্যক্রমের পাশাপাশি তারেক রহমান সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজচিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন করেন। এসব মহান চিন্তাবিদের দর্শন রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রের প্রকৃত তাৎপর্য অনুধাবনে তাঁর জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করে।

তিনি এমন এক উত্তাল রাজনৈতিক সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন, যখন তাঁর মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ–আন্দোলনের পরিবেশ তাঁকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।

১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তাঁর মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন।

পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তাঁর অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে। পরবর্তী সময়ে তিনি এক–এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত অবৈধ এক–এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয়। তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। তবে এসব ঘটনা তাঁর মনোবল ভেঙে দিতে এবং রাজনীতি থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি। তিনি স্বপ্ন দেখেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার সব প্রতিবন্ধকতা চিরতরে দূর হবে। দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তাঁর প্রত্যাবর্তন ঘটে। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল গৌরবময়। দীর্ঘদিন ধরে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকা দেশবাসীর মধ্যে তা গভীর স্বস্তি ও আনন্দের সঞ্চার করে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন।

নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভাসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে।

১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী। তাঁর বাবা ও মা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। মহৎ প্রত্যাশা ও আদর্শে সমৃদ্ধ তারেক রহমান এমন একটি ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবেন।

তারেক রহমানের সাধারণ জীবনযাপন তাঁর বিনয়, সরলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ বা দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না করা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা সাধনের মাধ্যমে তিনি দায়িত্বশীল নেতৃত্বের ইতিবাচক বার্তা দিচ্ছেন। এ ধরনের চর্চা সরকার ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেয়।

পূর্ববর্তী নিবন্ধসাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার