একটি কুকুর, একটি দুর্ঘটনা—নিভে গেল দুই তরুণের প্রাণ

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩২ অপরাহ্ণ

মাত্র দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন ইকবাল হোছাইন। স্বজনদের সঙ্গে সময় কাটাতে মামাতো ও ফুফাতো ভাইকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বের হয়েছিলেন মোটরসাইকেলে। গন্তব্য ছিল মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা। কিন্তু সেই ঘুরতে যাওয়াই শেষ যাত্রা হয়ে উঠল তিন তরুণের জন্য।

পথে হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসে একটি কুকুর। সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্টিলের রেলিংয়ে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। মুহূর্তেই নিভে যায় দুটি তরুণ প্রাণ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরেকজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার ১০০ ফিট সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজীপাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে সৌদি আরবপ্রবাসী ইকবাল হোছাইন (২৫) এবং একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৬)। আহত মো. কাইয়ুম (২৫) একই এলাকার মৃত দেলোয়ার হোছাইনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইকবাল হোছাইন মাত্র দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের মোটরসাইকেলে মামাতো ও ফুফাতো ভাই শাহীন ও কাইয়ুমকে নিয়ে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরতে বের হন। পথে দ্রুতগতির মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি কুকুর চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশের স্টিলের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলেই মারা যান শাহীন। গুরুতর আহত ইকবাল ও কাইয়ুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইকবালের মৃত্যু হয় বলে তাঁর পরিবার জানিয়েছে। আহত কাইয়ুমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাত্র দুই সপ্তাহ আগে প্রবাস থেকে ফেরা ইকবালের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা। যে মানুষটি পরিবারের কাছে ফিরে এসেছিলেন, সেই মানুষটিই কয়েক দিনের ব্যবধানে নিথর দেহ হয়ে ফিরলেন। একই এলাকার দুই তরুণের মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সমন্বয়ক রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা