আনোয়ারায় এমপির বাড়ির অদূরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যের বাড়ির পাশের সড়কে ২০ থেকে ৩০ জন যুবক হেলমেট ও মুখোশ পরে জড়ো হন। পরে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ সময় সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালানো এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা যায় তাঁদের। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।

২ মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। মিছিল থেকে ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পক্ষেও স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়কে মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর, আটক ৮