পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার বিকল্প নেই : প্রশাসক

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার রোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি গতকাল বুধবার হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন (ডঝটচ) এবং হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দ্য কোকা–কোলা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাকালে আমরা নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছি। কিন্তু সময়ের সঙ্গে অনেকেই সেই অভ্যাস থেকে দূরে সরে গেছি। অথচ হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে নানা ধরনের সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। তাই খাবার গ্রহণের আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং দৈনন্দিন প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দিতে হবে, যাতে তারা সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি বলেন, তোমরা নিজেরা পরিচ্ছন্ন থাকবে এবং পরিবার–পরিজন ও প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর সেকান্দর, বিএনপি নেতা হাসান রুবেল, চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড.কিসিঞ্জার চাকমা, প্রকৌশলী গোলাম মোরশেদ এবং ডঝটচ এর অপারেশন ম্যানেজার মোহাম্মদ খোরশেদ। অনুষ্ঠানে পানি ও স্যানিটেশন খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি হাতে–কলমে প্রদর্শন করা হয়। এ ছাড়া হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া
পরবর্তী নিবন্ধপটিয়া প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ