সময়ের সাথে সাথে নিয়ম ভাঙার অনিয়মেই পাল্টে যায় সম্পর্কের সমীকরণ,
অনাদায়ী পাওনা অমীমাংসিত রেখে দেনা শোধের তাড়না বাড়তে থাকে।
কঠিন পদ্যে আটকে পড়া মন সহজ কথায় দিশা হারায়,
রোজনামচার স্বরূপও পাল্টে যায় এই দোদুল্যমানতায়।
কান্নার অধ্যায় মুছে গিয়ে অকপটচিত্ত কাঠিন্যতার বদলে
সিদ্ধান্তহীনতার মুক্তিতে স্থায়ী হয় অচাওয়ার অনিশ্চয়তায়।
তখন ধৈর্য্য বাড়ে, কিংবা সম্পর্কের সুতোয় পড়ে ঢিল।
অভিমানের পরিধি দিন – মাস ছাড়িয়ে বছরে গড়ায়;
তবু অভিমান ভাঙাতে অভিযোগের ব্যাখ্যার কোন দায় থাকে না অপরাধের।
জীবন থামে না, অন্যরকমভাবে হলেও চলে যায়।
জীবনের রেওয়ামিলের গরমিলটা মেলানোর চেষ্টাটাও চলতে থাকে নিরন্তর।
প্রকাশের বাড়াবাড়ি কমতে কমতে একসময়
নিশ্চুপ হয়ে যায় অবহেলার কাছে হার মেনে।
তবু হঠাৎ মনের অলক্ষ্যে কোন ডাকে ..কোন গানে,
নূয়ে পড়া আক্ষেপের সময়গুলো সময়ক্ষেপণের
ভারসাম্যহীনতায় নড়েচড়ে ওঠে ক্ষণিকের জন্য হলেও।
বদলায় না কিছুই…শুধু হৃদয়টাই নিঃশব্দে পোড়ে।





