চীনের শেনঝেন শহরে একই ফ্রেমে দেখা গেল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন প্রেসিডেন্টকে। গতকাল বুধবার রাতে এশিয়া–প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের নৈশভোজের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে দেখা যায়। এ সময় ট্রাম্প ও পুতিন করমর্দন করেন। পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং।
রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে পুতিনকে এগিয়ে এসে ট্রাম্পের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করতে দেখা যায়। এ সময় ট্রাম্প, শি জিনপিং ও তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া–যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর এই প্রথম ট্রাম্প ও পুতিনের সাক্ষাৎ হলো। তাদের করমর্দন ও কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময়ের দৃশ্যকে উষ্ণ অভিবাদন হিসেবেই দেখা হচ্ছে। খবর বিবিসি বাংলা ও বিডিনিউজের।
এর আগে বুধবার শেনঝেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে নিজেই উপস্থিত হন শি জিনপিং। বিমান থেকে নামার পর ট্রাম্পকে আলিঙ্গন করেন চীনের প্রেসিডেন্ট। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে এভাবে বিমানবন্দরে স্বাগত জানানো চীনের ক্ষেত্রে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন বিবিসির সংবাদদাতা। তার মতে, ট্রাম্পের মন জয় করতে এটি ছিল শির একটি সুপরিকল্পিত কূটনৈতিক কৌশল। আজ বৃহস্পতিবার শি জিনপিং, ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে শি জিনপিং রুশ প্রেসিডেন্টকে চীনে স্বাগত জানিয়ে ‘পুরোনো বন্ধু’ বলে অভিহিত করেছেন।
বিবিসির রাশিয়া সম্পাদক বলছেন, পুতিনের এই সফরকে ইতোমধ্যে রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে তুলে ধরছে। তাদের মতে, সফরটি অনুষ্ঠিত হওয়াই পুতিনের জন্য বড় অর্জন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করার প্রচেষ্টার মধ্যেও বিশ্বের গুরুত্বপূর্ণ দুই নেতার সঙ্গে একই আয়োজনে উপস্থিত হতে পারাকে মস্কো নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। রুশ সংবাদমাধ্যমগুলোর একটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তিন নেতার এই সাক্ষাৎকে ‘ঐতিহাসিক করমর্দন’ বলে বর্ণনা করেছে।
ট্রাম্পের জন্যও এই সম্মেলন গুরুত্বপূর্ণ। চীন ও রাশিয়ার দুই নেতার সঙ্গে একই টেবিলে বসে বৈশ্বিক সংকট নিয়ে আলোচনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের নেতৃত্বের ভূমিকা তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। একই সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতাও এই সফরের প্রেক্ষাপটকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
অন্যদিকে, অ্যাপেক সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে শি জিনপিং আন্তর্জাতিক কূটনীতিতে চীনের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন। ট্রাম্প ও পুতিন–দুই প্রভাবশালী নেতাকে একই আয়োজনে নিয়ে আসা এবং তাদের সঙ্গে পৃথকভাবে সম্পর্কের উষ্ণতা প্রদর্শনের মধ্য দিয়ে চীন নিজেকে বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উপস্থাপন করছে।










