২৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ দিনে চট্টগ্রামের স্পিনার হাসান মুরাদের চমৎকার বোলিংয়ে ঢাকার ব্যাটিং গুঁড়িয়ে চট্টগ্রাম পায় অনবদ্য এক জয়। চট্টগ্রামকে জয় এনে দেয়ার সাথে সাথে এবারের আসরে ১৪ ইনিংসে ৪১ শিকার ধরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন হাসান মুরাদ। এবারের জাতীয় ক্রিকেট লিগের আসরে উইকেট শিকারির দৌড়ে দারুন লড়াই জমেছিল। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের চেয়ে ৩ উইকেট পিছিয়ে শেষ রাউন্ড শুরু করেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। শেষ ম্যাচে দুই ইনিংসে নাসুম পান ৪ উইকেট। আর শেষ দিনে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে নাসুমকে টপকে যান মুরাদ। সব মিলিয়ে ১৪ ইনিংসে ৪১ উইকেট নিয়ে এবারের লিগের সর্বোচ্চ উইকেটশিকারি মুরাদ। একবার ৫ উইকেটের পাশাপাশি চারবার তিনি পেয়েছেন ইনিংসে ৪ উইকেট। টুর্নামেন্টের শেষ দিন তার হাতে উঠেছে এক লাখ টাকা পুরস্কার। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় ঢাকা। শেষ রাউন্ডে ১৪৩ রানের জয় পায় চট্টগ্রাম। সাত ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় চট্টগ্রাম। সমান ম্যাচে এক জয় ও পাঁচ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চারে থেকে টুর্নামেন্ট শেষ করল ঢাকা। শেষ দিন ৪ উইকেট হারিয়ে ৫৪ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দেয় চট্টগ্রাম। রান তাড়ায় নেমে লাঞ্চ বিরতির আগে কোনো বিপদ ঘটেনি ঢাকার। তবে দ্বিতীয় সেশনে মুরাদের স্পিনে পথ হারিয়ে ফেলে তারা। একপ্রান্তে ম্যারাথন বোলিংয়ে ৭১ রানে ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার। এর পাঁচটিই এলবিডব্লিউ। চলতি লিগে মুরাদের এটি প্রথম ৫ উইকেট। সব মিলিয়ে ১৫তম। আশানুরূপ পারফরম্যান্সের ধারাবাহিকতায় প্রতি ম্যাচে সাফল্য পেলেও, ৫ উইকেটের স্বাদ পাচ্ছিলেন না হাসান মুরাদ। অবশেষে টুর্নামেন্টের শেষ দিনে তিনি ঘোচান সেই আক্ষেপ। এদিকে চট্টগ্রামের বাঁহাতি ওপেনার সাদিকুর রহমান ১০ ইনিংসে ৬৯.৭০ গড়ে করেন ৬৯৭ রান। রান সংগ্রাহকদের তালিকায় এটি দ্বিতীয় সেরা। সংক্ষিপ স্কোর : চট্টগ্রাম ১ম ইনিংস: ২৮৮,ঢাকা ১ম ইনিংস: ২৯২,চট্টগ্রাম ২য় ইনিংস: (আগের দিন ২৩১/৫) ৮০.৪ ওভারে ২৮৫/৯ডি., ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ২৮২) ৬২.১ ওভারে ১৩৮।










