সাউদার্ন ইউনিভার্সিটি দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা শেষ মুহূর্তের গোলে ১–০ ব্যবধানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-কে হারিয়ে দেয়। খেলার ২৯ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের জোনায়েদ। তবে গতকালের ফাইনালে বেশ কষ্ট করে জিততে হয়েছে সাউদার্ন ইউনিভার্সিটিকে। আইআইইউসি প্রায় সমানতালে লড়াই করেছিল। শেষ পর্যন্ত দলীয় শক্তির বিচারে বেশ এগিয়ে থাকা সাউদার্ন ইউনিভার্সিটি ঠিকই জয় আদায় করে নেয়। তবে দুর্ভাগ্য আইআইইউসি’র।
সবাই যখন টাইব্রেকারের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তারা গোল হজম করে দুঃখ ভারাক্রান্ত মনে মাঠ ছেড়ে যায়। প্রথমার্ধে বেশ চাপিয়ে খেলেও গোলের দেখা পায়নি সাউদার্ন ইউনিভার্সিটি। ১৪ মিনিটে ডান প্রান্তে সতীর্থের ক্রস থেকে নকি পা ছোঁয়াতে ব্যর্থ হন। ২৩ মিনিটে অধিনায়ক ফাহিম গোলের কাছ থেকে বাইরে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে নকি’র নিখুঁত হেড আইআইইউসি’র কিপারের হাতে চলে যায়। ১০ মিনিটে আইআইইউসি’র অধিনায়ক আরভি’র মাপা শট কিপার ঠেকিয়ে দেন। একটু এদিক সেদিক হলে বিপদ হতে পারতো। ২০ মিনিটে নেহাৎ দূর্ভাগ্যের কারণে গোল পায়নি সাউদার্ন ইউনিভার্সিটি। এ সময়ে সাদ বিন আলমের কড়া শট সাইড বারে লেগে বাইরে চলে যায়। এভাবে খেলা যখন গোলশূন্য ড্র’য়ে টাইব্রেকারের দিকে এগিয়ে যাচ্ছিলো তখনই কাজের কাজটি আদায় করে নেয় সাউদার্ন ইউনিভার্সিটি। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে অধিনায়ক ফাহিম ডানদিকে বিপদ সীমানায় ঢুকে যে মাইনাসটি করেন, তাতেই প্লেসিং শটে গোল করেন জোনায়েদ। এতেই ১–০ গোলের জয়ে চ্যাম্পিয়নের আনন্দে মেতে ওঠে সাউদার্ন ইউনিভার্সিটি’র খেলোয়াড়, কর্মকর্তা এবং গ্যালারীতে থাকা অগণিত ছাত্র–ছাত্রী। গতকাল ফাইনালের সেরা খেলোয়াড় মনোনীত হন বিজয়ী দলের একমাত্র গোলদাতা জোনায়েদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন সাউদার্ন ইউনিভার্সিটি’র অধিনায়ক ফাহিম। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন সাউদার্ন ইউনিভার্সিটি’র নকি ও আইআইইউসি’র নুর। তার প্রত্যেকে ৪টি করে গোল করেন। সেরা গোলরক্ষক হন সাউদার্ন ইউনিভার্সিটি’র ইমন। দখিনা স্পোর্টস আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) –র ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আজাদী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজক দখিনা স্পোর্টস ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর সরোয়ার জাহানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক সাইফুল্লাহ্ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, সাউদার্ন ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান, আইআইইউসি’র প্রো ভিসি ড. হাসমত আলী, সাউদার্ন ইউনিভার্সিটি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইশরাত জাহান, আইআইইউসি–র ট্রেজারার মোহাম্মদ মাহাবুবের রহমান, সাউদার্ন ইউনিভার্সিটি’র রেজিস্টার এ এফ এম মোদাস্সের আলী, এক্সট্রা কারিকুলাম কমিটির আহ্বায়ক মো.জমির উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রধান মো. আরমান হোসেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।










