রহস্যেঘেরা মিসির আলি

রেজাউল করিম | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাসাহ্যিতের এক জাদুকর হুমায়ূন আহমেদ। সাহিত্য শুধু নয়, ছোট ও রূপালি পর্দাও তাঁর সমান বিচরণ। তরুণরা যখন বইবিমুখ হয়ে যাচ্ছিল তিনি তাদের বইমুখী করতে অনবদ্য ভূমিকা রাখেন। তাঁর একটা বড় গুণ গল্প–উপন্যাস–নাটক–সিনেমার ভাষা ছিল সাবলীল এবং চরিত্রগুলোতে ছিল মধ্যবিত্তের রূপায়ণ।

জোছনা, বৃষ্টি তাঁর খুবই প্রিয়। প্রবল জোছনা তাঁর মধ্যে প্রচণ্ড হাহাকার সৃষ্টি করে। সেই হাহাকারের সন্ধান করে জীবন পার করে দিল। হুমায়ূন আহমেদ একটা বইয়ে লিখেছিলেন, ‘চাঁদনি পসর রাতে যেন আমার মরণ হয়।’ আর, তিনি প্রবল জোছনার তোড়ে ভেসে যাওয়া কোনো রাতে দুনিয়া ছেড়ে যেতে চান। জোছনাকে তিনি সবার কাছে একটা ক্রেজে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তাঁর বেশিরভাগ জোছনার বিবরণ শেষ হয় প্রচণ্ড না পাওয়া, শূন্যতার ভেতর দিয়ে। পাঠককে শব্দের স্বপ্নজালে জড়িয়ে রেখে জোছনার চিত্রকল্প থেকে বেরিয়ে আসেন হুমায়ূন, কিন্তু সেই ঘোর পাঠকের মন থেকে আর যায় না। পরের জোছনায় পাঠককে দেখা যায় পথে, ছাদে অথবা বনে, চন্দ্রাহত হয়ে চেয়ে আছে জোছনার রূপদর্শনে। বিভূতিভূষণের পর এত তীব্রভাবে জোছনাকে আর কেউ এঁকেছেন বলে মনে হয় না।

‘চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে/ কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে/ তাহারে চিনিনা আমি সে আমারে চিনে/ বাহিরে চাঁন্দের আলো, ঘর অন্ধকার/ খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার/ তবু কেন সে আমার ঘরে আসেনা…।’

নাটকে বাকের ভাই, উপন্যাসে হিমু চরিত্র হুমায়ূনের অসাধারণ সৃষ্টি। হিমু উপন্যাসে সাধারণত কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা তাকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক–এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়। এছাড়াও কিছু উপন্যাসে দুর্বৃত্তের সাথেও তার সুসম্পর্ক দেখা যায়। হিমুকে পাওয়া যায়–ময়ূরাক্ষী, দরজার ওপাশে, হিমু, পারাপার, এবং হিমু…,হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি, একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা, তোমাদের এই নগরে, চলে যায় বসন্তের দিন, সে আসে ধীরে,আঙ্গুল কাটা জগলু, হলুদ হিমু কালো র‌্যাব, আজ হিমুর বিয়ে, হিমু রিমান্ডে, হিমুর মধ্যদুপুর, হিমুর নীল জোছনা, হিমুর আছে জল, হিমু এবং একটি রাশিয়ান পরী, হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই, হিমু মামা, হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য, হিমুর বাবার কথামালা, মযূরাক্ষীর তীরে।

হুমায়ূন আহমেদের সৃষ্ট আরেকটি চরিত্র মিসির আলি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক। অদ্ভূত এক চরিত্র। মিসির আলির কাহিনিগুলো রহস্যেঘেরা। একেবারে গোয়েন্দা কাহিনি নয়, কিংবা ক্রাইম ফিকশন বা থ্রিলারের মতো খুনি–পুলিশের ধাওয়া–পাল্টা–ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং যুক্তিনির্ভর কাহিনির বুনটে বাঁধা। অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি–যুক্তির তাড়নায়, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলি অনুসরণ করেন যুক্তি। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। সেসব কাহিনির প্রতিফলন ঘটেছে মিসির আলিকে নিয়ে প্রতিটি উপন্যাসে।

মিসির আলিকে নিয়ে উপন্যাস হচ্ছে–দেবী, নিশিথিনী, অন্যভুবন, নিষাদ, বৃহন্নলা, ভয়, বিপদ, অনীশ, মিসির আলির অমীমাংসিত রহস্য, তন্দ্রাবিলাস, আমিই মিসির আলি, বাঘবন্দী মিসির আলি, হরতন ইশকাপন, মিসির আলির চশমা, কহেন কবি কালিদাস, মিসির আলি! আপনি কোথায়? মিসির আলি আনসলভ, যখন নামিবে আঁধার।

মিসির আলি মানুষের মন, আচরণ, স্বপ্ন এবং নানাবিধ রহস্যময় ঘটনা নিয়ে অসীম আগ্রহ রাখেন। হুমায়ূন আহমেদের নিজের ভাষ্যে –মিসির আলি এমন একজন মানুষ, যিনি দেখার চেষ্টা করেন চোখ বন্ধ করে। যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা। চরিত্রটির পরিচিতি দিতে গিয়ে তিনি বলছেন –মিসির আলি একজন মানুষ, যাঁর কাছে প্রকৃতির নিয়ম–শৃঙ্খলা বড় কথা, রহস্যময়তার অস্পষ্ট জগৎ যিনি স্বীকার করেন না।

মিসির আলি যুক্তিনির্ভর একজন মানুষ বলেই অনেক সাহসী। ভূতাশ্রিত স্থানেও রাত কাটাতে তিনি পিছপা হন না, বরং এজন্য থাকেন যে, তাতে তিনি রহস্যময়তার ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন। মিসির আলির অনেকগুলো পারঙ্গমতার মধ্যে অন্যতম হলো তিনি যে কাউকে, বিশেষ করে ঠিকানাওয়ালা মানুষকে, খুব সহজে অজানা স্থানেও খুঁজে বের করতে পারেন। এজন্য তিনি টেলিফোন ডিরেক্টরি, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, টিভি–বেতারের লাইসেন্স নম্বর, পুলিশ কেস রিপোর্ট, হাসপাতালের মর্গের সুরতহাল রিপোর্ট ইত্যাদির আশ্রয় নিয়ে থাকেন। মিসির আলি প্রকৃতির বিস্ময়ে বিস্মিত হলেও প্রচণ্ড যুক্তির বলে বিশ্বাস করেন প্রকৃতিতে রহস্য বলে কিছু নেই।

মিসির আলি মূলত নিঃসঙ্গ, মোটামুটি সব উপন্যাসে তাকে এভাবেই রূপায়িত করা হয়। একেক উপন্যাসে একের চরিত্র মিসির আলির। মিসির আলি চরিত্রটি যা দাঁড়ায়– তিনি ভালোবাসার গভীর সমুদ্র হৃদয়ে লালন করেন, কিন্তু সেই ভালোবাসাকে ছড়িয়ে দেবার মতো কাউকেই কখনও কাছে পান না। ভালোবাসার একাকিত্বে জর্জরিত মিসির আলির নিঃসঙ্গতা ঘোচাতে বিভিন্ন সময় কিশোরবয়সী কাজের লোকের উল্লেখ পাওয়া যায়। যেমন : ‘আমি এবং আমরা’ উপন্যাসে ‘বদু’ নামের একটি, ১৫–১৬ বছরের কাজের ছেলের উল্লেখ রয়েছে। ‘দেবী’ ও ‘নিশীথিনী’ গল্পে হানিফা নামে একটা কাজের মেয়ে ছিল। এরকম কাজের লোককে মিসির আলি লেখাপড়া শেখানোর চেষ্টা করেন। আবার ‘অন্য ভুবন’ উপন্যাসে ‘রেবা’ নামের একটি কাজের মেয়ের উল্লেখ পাওয়া যায়।

মিসির আলির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে হুমায়ূন আহমেদ বলেছেন–মিসির আলি নিঃসঙ্গ, হৃদয়বান, তীক্ষ্ণ ধীশক্তির অধিকারী। কাহিনি অনুসারে তিনি অকৃতদার। চরিত্রটি লেখকেরও, প্রিয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম।

১৯৮৭ সালে ছোটপর্দায় মিসির আলীর প্রথম আবির্ভাব। ২০১৮ সালে মিসির আলিকে নিয়ে প্রথম উপন্যাস ‘দেবী’র চলচ্চিত্রের রূপায়ণ করেন অনম বিশ্বাস। হুমায়ূন আহমেদ তাঁর সৃষ্টিশীলতার মাধ্যমে পাঠকহৃদয়ে বেঁচে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধচঞ্চুর স্কুল
পরবর্তী নিবন্ধবাঁশের সেতু পার হওয়ার সময় মৃগী রোগে খিঁচুনি, হালদায় পড়ে যুবকের মৃত্যু