বায়েজিদে যুবদল কর্মী জীবন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদে যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। তার নাম ইকরাম প্রকাশ বাবু (২৯)। গত সোমবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এর আগে মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট তিনজন গ্রেপ্তার হলেন।

এসআরবি–৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইকরাম বাবুর অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী গ্রামের চেংগুছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকরাম বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকার করিমের ছেলে।

এসআরবি–৭ জানায়, গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় জীবনকে কুপিয়ে জখম করেন আসামিরা। রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে জীবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত জীবনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে ২৮ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাংবাদিক আহসানুল হুদার ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পৃথক অভিযানে গ্রেপ্তার চারজন