কাপ্তাইয়ের পাহাড়ের শিশুদের জন্য পাহাড়ে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর সকালে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টসের আয়োজনে নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি), বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ডিজিজ বায়লোজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিট রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউয়ারএইচএস) এবং অপটিকা, চিটাগাং ইউনিভার্সিটি শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরইছড়ি কনর্ফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী তানভীর আহমেদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয় করণ সমিতির (এসপিএসবি) প্রোগ্রাম অফিসার রেজাউল ইসলাম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ওয়াগ্গা টি এস্টেট লিমিটেড পরিচালক মোরশেদুল আলম কাদেরী, খোরশেদুল আলম কাদেরী প্রমুখ। এই আয়োজনে ডিএনএ পৃথকীকরণ, রকেট তৈরির কৌশল, রোবট গেম, ড্রোন শো, অনুজীবের পরিচিতি, খাদ্যে ভেজাল শনাক্তকরণসহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শিত হয়। এতে দুই শাতাধিক আদিবাসী, পাহাড়ি শিশু ও চা শ্রমিকদের সন্তানেরা অংশ নেয়। সমাপনী পর্বে কুইজ, ধাঁ–ধাঁ, লাইন ফলোয়ারসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











