চট্টগ্রামের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত মূলধনের অভাব। অর্থনৈতিক ইউনিটগুলোর ৮৫.৮৯ শতাংশ এ সমস্যার কথা উল্লেখ করেছে। সহজ শর্তে ঋণপ্রাপ্তির অভাব, অবকাঠামোগত সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানি সমস্যাকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে নগরীর সার্কিট হাউজে আয়োজিত পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালিত কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (সিএপিআই) পদ্ধতিতে সংগৃহীত দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর চট্টগ্রাম জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়াহিদুর রহমান। সভাপতিত্ব করেন কার্যালয়টির উপপরিচালক (ভারপ্রাপ্ত) ছরওয়ার কামাল টারজান। অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪–এর লক্ষ্য ও উদ্দেশ্য, আওতা ও পরিধি, বাস্তবায়ন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ ফলাফল এবং স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (এসবিআর) প্রণয়নের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অর্থনৈতিক শুমারি ২০২৪–এর ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি। এসব অর্থনৈতিক ইউনিটে কর্মরত রয়েছেন মোট ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ জন। শুমারির ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম জেলার মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৩ লাখ ৪৮ হাজার ৪৩টি স্থায়ী, ৩৬ হাজার ৪০৪টি অস্থায়ী এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত খানাভিত্তিক ইউনিট। অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবলের মধ্যে পুরুষ ৭৯ শতাংশ এবং নারী ২১ শতাংশ।
অর্থনৈতিক ইউনিটের শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম জেলায় মাইক্রো শিল্পের আধিপত্য সবচেয়ে বেশি, যার হার ৬৭.৪৪ শতাংশ। এছাড়া কুটির শিল্প ২৫.৬৪ শতাংশ, ক্ষুদ্র শিল্প ৬.২৮ শতাংশ, মাঝারি শিল্প ০.৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্প ০.১৭ শতাংশ। খাতভিত্তিক বিশ্লেষণে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাত ৪৪.১৮ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে পাইকারি ও খুচরা ব্যবসা খাতের অবস্থান ২১.৫৭ শতাংশ। এছাড়া শিক্ষা, অন্যান্য সেবা, আবাসন ও খাদ্যসেবা, মানবস্বাস্থ্য এবং আর্থিক ও বীমা খাতেও উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সঠিক পরিকল্পনা এবং নীতি প্রণয়নের জন্য সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম ব্যবসা–বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থনৈতিক শুমারি ২০২৪–এর রিপোর্ট চট্টগ্রাম জেলার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪–এর রিপোর্টটি চট্টগ্রাম জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত রিপোর্টের মাধ্যমে চট্টগ্রাম জেলার সামগ্রিক অর্থনৈতিক চিত্র প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান। উপস্থাপনায় স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (এসবিআর) প্রণয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এটি দেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের একটি নির্ভরযোগ্য, কাঠামোবদ্ধ ও নিয়মিত হালনাগাদযোগ্য তথ্যভান্ডার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক তথ্য সংরক্ষণ, ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও শুমারির জন্য হালনাগাদ নমুনা কাঠামো প্রস্তুত করা সম্ভব হবে।












