লন্ডনে নাহিদের ওপর হামলার নিন্দা ঢাকার, যুক্তরাজ্যকে তদন্তের আহ্বান

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর চালানো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৬ নভেম্বর নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর চালানো হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সংসদ সদস্য নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। খবর বাসসের।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টরা এ হামলা চালিয়েছে। এতে আরও বলা হয়, সরকার যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা, দায়ীদের শনাক্ত করা এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনার জোর আহ্বান জানাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যায়িত করে বলে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে। সরকার পুনর্ব্যক্ত করেছে, দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতামত প্রকাশের জন্য কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধজমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠিত হবে ৩ স্তরের কমিটি
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে বিশৃঙ্খলা ছড়ানোর আগেই ট্রিটমেন্ট চান বিরোধীদলীয় নেতা