নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে গোপালগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধের মধ্যে পিটিয়ে ও গায়ে আগুন দিয়ে কৃষক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। অপরদিকে গাজীপুর নগরীর জোড় পুকরপাড়ে গত রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়া হয়। খবর বিডিনিউজের।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এমপি জিলানীর বাড়িতে আগুন : গোপালগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, এমপি জিলানীর পাটগাতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা খবর পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলনের কারণে তারা স্টেশন থেকে বের হতে পারছিলেন না। তিনি বলেন, স্থানীয় কিছু লোক আগুন নেভাতে যাচ্ছেন।
ভাঙায় হামলা, কৃষক দল নেতা নিহত : ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধের মধ্যে পিটিয়ে ও গায়ে আগুন দিয়ে কৃষক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে এ অবরোধ ও হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
এদিন রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লা নামে স্থানীয় ওই কৃষক দল নেতার ওপর হামলার এ ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতারা সড়কে তাকে একা পেয়ে পিটিয়েছে, তার গায়ে আগুন দিয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক তানজিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজু মোল্লা নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন।
নিহত রাজু মোল্লা উপজেলা কৃষক দলের সহ–সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তথ্য দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি। রাজু মোল্লা ভাঙ্গার নুরালাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া তিনটি মোটরসাইকেলের একটির আরোহী ছিলেন তিনি।
সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে অগ্নিসংযোগ : সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান। তিনি বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।












