ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন বাবা। তার হাতে ধারালো ছুরি। পাশের কক্ষে আটকা পড়ে তার ছয় বছরের শিশুকন্যাও। বাইরে উদ্বিগ্ন মা ও স্বজনেরা। বারবার ডাকাডাকির পরও খুলছিল না দরজা। একপর্যায়ে খবর দেওয়া হয় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ। অবশেষে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে ঘরের টিন খুলে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বাবা ও মেয়েকে। গত সোমবার সন্ধ্যায় আনোয়ারা সরকারি কলেজের পূর্ব পাশে ওসমান কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া বাবা মো. নাছির উদ্দিন পেশায় রংমিস্ত্রি। তার ছয় বছরের মেয়ের নাম সাকিবা আক্তার। পরিবারের সদস্যদের দাবি, নাছির দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। সমপ্রতি তার শারীরিক ও মানসিক অবস্থার আবারও অবনতি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, নাছির উদ্দিনের বাড়ি বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকায়। স্ত্রী মোবারেকা বেগম একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের সংসারে সাকিবা আক্তার (৬) ও মো. শাকিল (৪) নামে দুই সন্তান রয়েছে। আট বছরের বেশি সময় ধরে পরিবারটি আনোয়ারা সদরের ওসমান কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছে।
পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে নাছিরের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গত কয়েক মাস ধরে তার অবস্থার আবার অবনতি হতে থাকে। আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। সোমবার সকালে প্রতিদিনের মতো স্বামী–সন্তানদের জন্য রান্না করে কর্মস্থলে যান মোবারেকা বেগম। দুপুরের খাবার শেষে বিকেল ৩টার দিকে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন নাছির। এরপর ঘরের ভেতর থেকে উচ্চস্বরে বিভিন্ন কথা বলতে থাকেন তিনি।
সন্ধ্যায় কর্মস্থল থেকে ফিরে মোবারেকা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। স্বামীর সঙ্গে শিশুকন্যা সাকিবাও ঘরের ভেতরে রয়েছে। অনেক ডাকাডাকি করেও স্বামীর কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হননি তারা। পরে ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন উদ্ধারকর্মীরা। এ সময় নাছিরের হাতে একটি ধারালো ছুরি ছিল। পাশের কক্ষে অবস্থান করছিল শিশুকন্যা সাকিবা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান বলেন, আমার ভাই প্রায় চার বছর ধরে মানসিকভাবে অসুস্থ। খবর পেয়ে এসে দেখি, সে ভাতিজিকে নিয়ে ঘরের ভেতর আটকে আছে। অনেক চেষ্টা করেও তাদের বের করতে পারিনি। গত চার মাস ধরে ওষুধ সেবন কমিয়ে দেওয়ায় তার আচরণে আবার অস্বাভাবিকতা দেখা দেয়।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দরজা খোলার চেষ্টা করি। পরে পাশের দিক দিয়ে ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করি। এ সময় নাছিরের হাতে ধারালো ছুরি ছিল। তার ছয় বছরের মেয়ে পাশের কক্ষে অবস্থান করছিল। পরে দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় কৌশল অবলম্বন করে বাবা–মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। নাছির কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে পরিবার জানিয়েছে। চিকিৎসায় কিছুদিন সুস্থ থাকলেও সমপ্রতি তার অবস্থার আবার অবনতি ঘটে। উদ্ধারের পর তাকে থানায় নেওয়া হয়। পরে রাতে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এদিকে শিশুকন্যাকে নিয়ে বাবার ঘরে আটকে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শেষ পর্যন্ত বাবা–মেয়ে দুজনই অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।










