চট্টগ্রামের আনোয়ারায় ছয় বছরের মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন বাবা। একপর্যায়ে নিজের মেয়ের গলায় ছুরি ধরে আতঙ্ক সৃষ্টি করেন তিনি। পরিবারের সদস্যদের চেষ্টা ব্যর্থ হলে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করে বাবা ও মেয়েকে উদ্ধার করেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওসমান কলোনিতে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বাবার নাম মো. নাছির উদ্দিন (২৮)। তাঁর সঙ্গে থাকা শিশুটির বয়স ছয় বছর।
পরিবারের সদস্যরা জানান, নাছির ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন। তবে গত চার মাস ধরে ওষুধ সেবনের মাত্রা কমিয়ে দেওয়ার পর তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। সোমবার সকাল ৯টার দিকে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা তাঁদের বের করে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। দুপুরের দিকে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন। এ সময় হাতে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখান নাছির। একপর্যায়ে নিজের মেয়ের গলায় ছুরি ধরে রাখেন তিনি।
এ অবস্থায় স্বজনেরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে পাশের একটি বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাবা ও মেয়েকে নিরাপদে উদ্ধার করা হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান জানান, তাঁর ভাই আগে থেকেই অসুস্থ ছিলেন। তবে ওষুধের মাত্রা কমিয়ে দেওয়ার পর থেকে তাঁর আচরণে পরিবর্তন দেখা দেয়। ঘটনার দিন খবর পেয়ে বাড়িতে এসে ভাই ও ভাতিজিকে ঘরের ভেতরে আটকে থাকতে দেখেন। তাঁদের উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।
পরিবার সূত্রে জানা গেছে, নাছিরের স্ত্রী পোশাকশ্রমিক। তাঁর আয়ে বর্তমানে সংসার চলে। দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তাঁরা।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবদুল্লাহ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পাশের একটি বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করে বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিরের হাতে একটি ছুরি দেখতে পায়। তিনি মেয়েকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলেন এবং কাউকে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়। নাছিরকে থানায় নেওয়ার পর পরিবারের অনুরোধে চিকিৎসার জন্য তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।











