চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো হিট প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক ঝুঁকি চিহ্নিতকরণ, তা প্রশমনের উপায় নির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে এ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা।
সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক এবং বিশ্বব্যাংক প্রতিনিধি শাহরিন হোসেন।
সভাপতিত্ব করেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর ড. নাজনীন আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বব্যাংক প্রতিনিধি সৈয়দ নাজমুল হোসেন। হিট প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিশ্বব্যাংক ও ইউজিসি’র প্রতিনিধি এবং সিভাসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












