রেস্টুরেন্ট উদ্বোধনে গিয়ে ইপিজেডে পিতা-পুত্র গ্রেপ্তার

নাশকতার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব রেস্টুরেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। অতিথিদের পদচারণা আর উৎসবমুখর পরিবেশের মধ্যেই হঠাৎ সেখানে হানা দেয় পুলিশ। মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট; অনুষ্ঠানস্থল থেকেই গ্রেপ্তার করা হয় ইপিজেড থানার মামলার আসামি পিতা–পুত্র সৈয়দ নূর ও তার ছেলে সৈয়দ সাদাত নূরকে। গত রবিবার চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় রাত আটটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। তিনি জানান, সৈয়দ নূর ও তার ছেলে সৈয়দ সাদাত নূরের বিরুদ্ধে থানায় মামলা ছিল। তারা একটি রেস্টুরেন্ট উদ্বোধন করছিল। খবর পেয়ে আমাদের পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। আজকে (গতকাল) আদালতে চালান দেয়া হয়েছে।

ইপিজেড থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া পিতা–পুত্রের বিরুদ্ধে থানায় দায়ের করা একটি নিয়মিত মামলা রয়েছে (মামলা নম্বর–০২, তারিখ: ২২ আগস্ট ২০২৪)। মামলাটিতে তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫২, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৪৪৭, ৪৪৮, ৩৭৯, ৩৮০, ৪২৭, ৪৩৬, ১০৯, ৫০৬(২) ও ৩৪ ধারার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। নাশকতা, সরকারি কাজে বাধা প্রদান, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মতো গুরুতর অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শে ওষুধ বা ইনসুলিন নিতে হবে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় কয়লার আগুনে পুড়ল বসতঘর, দগ্ধ দুই ভাইয়ের একজনের মৃত্যু