দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি। জাতীয় সংসদে গতকাল সোমবার সিরাজগঞ্জ–৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য দেন। খবর বিডিনিউজের। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ ছিল খেলাপি। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৫ লাখ ২ হাজার ৮৪৮ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ ছয় গুণের বেশি হয়েছে।
২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি। ২০২৩ সালে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকায়। মোট ঋণের ৮ দশমিক ৩৯ শতাংশ ছিল খেলাপি। পরের বছর ২০২৪ সালে খেলাপি ঋণের পরিমাণ একলাফে বেড়ে ৩ লাখ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছায়। ওই বছর খেলাপি ঋণের হার দাঁড়ায় ১৭ দশমিক ৮৩ শতাংশে। ২০২৫ সালে খেলাপি ঋণ আরও বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট বিতরণ করা ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা খেলাপি। ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৫২ হাজার ৩২৩ কোটি ৫ লাখ টাকা।
এদিকে ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে অবৈধভাবে পাচার করা রাষ্ট্রীয় সম্পদ ও অর্থ ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, পাচার করা অর্থ উদ্ধারের জন্য ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলা অনুসন্ধান ও তদন্তে দুদকের নেতৃত্বে ১১টি যৌথ দল গঠন করা হয়েছে। অগ্রাধিকার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেঙ্মিকো গ্রুপ, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, নাবিল গ্রুপ, এইচবিএম ইকবাল এবং সামিট গ্রুপ। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্তের কাজ চলছে বলে অর্থমন্ত্রীর জবাবে জানানো হয়।
বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে গত আগস্ট পর্যন্ত ১৪২টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৬টি মামলায় আদালতের রায় হয়েছে। এসব মামলার আওতায় আদালতের আদেশে দেশে ও বিদেশে মোট ৭৬ হাজার ৯৮৩ কোটি ৯৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে বলেও তথ্য দেন অর্থমন্ত্রী।
এদিকে দেশের মাথাপিছু জাতীয় আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে সংসদে দাবি করেছেন অর্থমন্ত্রী। মাদারীপুর–৩ আসনে বিএনপির সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০২৫–২৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল ৩ হাজার ২০ ডলার। আগের অর্থবছরে তা ছিল ২ হাজার ৭৬৯ ডলার। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে।’
কিশোরগঞ্জ–১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘গত অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে সরকারের।’
সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দাবি করেন, বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে নতুন প্রকল্প ও ঋণের শর্ত যাচাই করা হচ্ছে। বিশেষ করে বেশি সুদ ও স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ২৯৫ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলেও তুলে ধরেন আমির খসরু।
বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে ঋণের মূলধন ও সুদ পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।











