মহান আল্লাহ পবিত্র কোরআনকে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রেরণ করেছেন। কোরআন এবং সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ ও অনুকরণ করলে মানুষ কখনই বিপথগামী হবে না। বর্তমান মুসলিম বিশ্ব পিছিয়ে পড়ার কারণ হচ্ছে কোরআন–সুন্নাহর অনুসরণ ও অনুকরণ থেকে দূরে সরে যাওয়া। কোরআন ও সুন্নাহর বিধান যথাযথভাবে শিক্ষা প্রদানের জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ফটিকছড়ির দাঁতমারার মতো প্রত্যন্ত অঞ্চলে এই মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। তিনি মানবজাতিকে হেদায়তের জন্য দেশ–বিদেশে এ ধরনের বহু প্রতিষ্ঠান গড়ে গেছেন। এ মাদরাসাসমূহ থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। গত ১৩ নভেম্বর ফটিকছড়ির দাঁতমারায় আল–ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন মাদরাসা ময়দানে সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন। মাদরাসা পরিচালনা পর্ষদ সভাপতি ও নাজিরহাট কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন চবি সিনেট সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মুহাম্মদ হাসান শামসুদ্দিন। বক্তব্য দেন, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ সায়েম, হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলিম উদ্দীন, ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক অলি আহাদ, দাঁতমারা ইউনিয়নের নিকাহ রেজি. কাজী গোলামুর রহমান, মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মুহাম্মদ আব্দুল করিম প্রমুখ।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









