খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মিলল মৃগীরোগে আক্রান্ত যুবকের মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদী থেকে বাদল ত্রিপুরা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সাড়ে পাঁচটার দিকে পানছড়ি উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়া সংলগ্ন চেঙ্গী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাদল ত্রিপুরা উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়ার কিনমহন ত্রিপুরা ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গেলে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

‎নিহতের বাবা কিনমহন ত্রিপুরা ও ছোট ভাই মিলন ত্রিপুরা বলেন, বাদল ত্রিপুরা মৃগীরোগে আক্রান্ত ছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে যাওয়ার পর আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয় বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

পানছড়ি থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় কোনো ধরনের অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীরোগের কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু