একজন সফল নারীর গল্প

ফিরোজা বেগম | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সফলতা কখনোই ভাগ্যের উপহার নয়; সফলতা হলো কঠোর পরিশ্রম, একাগ্র সাধনা, আত্মবিশ্বাস এবং প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলার এক নিরন্তর সংগ্রাম। আর একজন নারীর জন্য এই পথ অনেক সময় আরও কঠিন, আরও বন্ধুর। কারণ, তাকে শুধু নিজের স্বপ্ন পূরণ করতে হয় না, সমাজের অসংখ্য প্রশ্ন, অবহেলা, বাধা আর প্রচলিত ধারণার বিরুদ্ধেও লড়াই করতে হয়। আজ লিখব এমনই একজন নারীর গল্প–মিসেস প্রিয়া। যে নারী নিজের অদম্য ইচ্ছাশক্তি, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের কঠিনতম পথ অতিক্রম করে নিজের জন্য অর্জন করেছেন সম্মানের মুকুট।

স্বপ্নের শুরু, সংগ্রামের পথচলা : প্রিয়ার জীবন কখনোই মসৃণ ছিল না। তাঁর পথের প্রতিটি বাঁকে ছিল নতুন পরীক্ষা, প্রতিটি পদক্ষেপে ছিল দায়িত্বের ভার। কখনো সময়ের সঙ্গে যুদ্ধ, কখনো পরিস্থিতির সঙ্গে লড়াই, আবার কখনো নিজের ক্লান্ত মনকে বুঝিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। তবু প্রিয়া থেমে থাকেননি। তিনি জানতেন, জীবনে স্বচ্ছতা, স্থিতিশীলতা ও অগ্রগতি অর্জন করতে হলে সামনে হাঁটতেই হবে। কারণ, পেছনের সারিতে দাঁড়িয়ে আছে হাজার হাজার নারী–পুরুষ–প্রত্যেকেই সুযোগের অপেক্ষায়, প্রত্যেকেই নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত। সেখানে নিজের পরিচয় গড়ে তুলতে হলে শুধু স্বপ্ন দেখলেই চলে না; স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো সাহসও থাকতে হয়। প্রিয়া সেই সাহসকেই সঙ্গী করেছিলেন।

প্রতিদিনের যুদ্ধ, প্রতিদিনের সাধনা : প্রিয়ার অভিধানে ‘অজুহাত’ শব্দটির জায়গা ছিল খুবই সামান্য। ক্লান্তি তাঁকে থামাতে পারেনি, ব্যর্থতা তাঁকে ভেঙে দিতে পারেনি, আর মানুষের নেতিবাচক কথাগুলো তাঁর আত্মবিশ্বাসকে নিভিয়ে দিতে পারেনি। তিনি বুঝেছিলেন, পূর্ণতা কোনো এক দিনের অর্জন নয়। এটি প্রতিদিনের অনুশীলন, প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া এবং গতকালের নিজের চেয়ে আজকের নিজেকে আরও উন্নত করে তোলার নাম। পূর্ণতার পথে হাঁটা মানুষটির জীবন যেন এক নির্ঘুম, অবিরাম দৌড়। সেই দৌড়ের নাম প্রিয়া।

শতভাগ সফলতা বলে কিছু নেই : প্রিয়া জানতেন, জীবনে শতভাগ সফলতা বলে কিছু নেই। মানুষের জীবনে অপূর্ণতা থাকবে, ভুল থাকবে, না–পাওয়ার বেদনা থাকবে। সব ইচ্ছা পূরণ হবে না, সব স্বপ্নও বাস্তবতার মুখ দেখবে না। কিন্তু তাই বলে কি পথচলা থেমে যাবে? না, কখনোই নয়। কারণ, সফল মানুষ সে নয়, যার জীবনে কোনো ব্যর্থতা নেই। সফল মানুষ সে, যে ব্যর্থতার মধ্যেও নিজের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখে। প্রিয়া প্রতিটি বাধাকে দেখেছেন নতুন কিছু শেখার সুযোগ হিসেবে। প্রতিটি ব্যর্থতাকে পরিণত করেছেন অভিজ্ঞতায়। আর প্রতিটি অর্জন তাঁকে শিখিয়েছে–গন্তব্যে পৌঁছানোই সব নয়, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেকে যে মানুষটিতে রূপান্তরিত করতে হয়, সেটিই প্রকৃত অর্জন।

নারী মানেই দুর্বলতা নয় : সমাজে আজও একটি কথা প্রায়ই শোনা যায়–নারীদের নাকি নিজের কোনো বাড়ি হয় না। জন্মের পর বাবার বাড়ি, বিয়ের পর স্বামীর বাড়ি; মাঝখানে যেন নিজের বলে কিছুই নেই। প্রিয়া এই ধারণা মানতে পারেন না। তাঁর বিশ্বাস, নারীর পরিচয় কোনো বাড়ির ঠিকানায় সীমাবদ্ধ নয়। নারীর প্রকৃত পরিচয় তাঁর যোগ্যতা, আত্মমর্যাদা, কর্মদক্ষতা ও নিজস্ব অবস্থানে। একজন নারীর সবচেয়ে বড় আশ্রয় তাঁর আত্মবিশ্বাস, আর সবচেয়ে শক্তিশালী ঠিকানা তাঁর নিজের যোগ্যতা।

প্রিয়ার গল্প থেকে আমাদের শিক্ষা : প্রিয়ার জীবন আমাদের শেখায়–স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হয়। যোগ্যতা অর্জন করতে হয়, প্রতিদিন নিজের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় এবং প্রয়োজন হলে একা পথ চলার সাহস রাখতে হয়।

লেখক : সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধহিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন
পরবর্তী নিবন্ধমায়ের যত্নে গড়ে ওঠে ভালোবাসার সংসার