অ্যাকশনের উত্তাপ, প্রতিশোধের গল্প আর রকস্টারের মঞ্চ পেরিয়ে এবার প্রেমের আবহে ফিরছেন শাকিব খান। তার নতুন সিনেমা ‘মহব্বত’–এ থাকছেন একজন পাকিস্তানি অভিনেত্রী। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।’












