সভ্যতার স্বরূপ

সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সভ্যতা মানে কেবল অট্টালিকার উচ্চতা, রাজপথের বিস্তৃতি, প্রযুক্তির বিস্ময় কিংবা অর্থনৈতিক সমৃদ্ধির পরিমাপ নয়। সভ্যতা হলো মানুষের মনন, বিবেক, মূল্যবোধ ও মানবিক চেতনার ক্রমবিকাশ। ইট–পাথরের নগর গড়ে তোলা সহজ, কিন্তু মানুষের হৃদয়ে সৌন্দর্যবোধ, যুক্তিবোধ ও মনুষ্যত্বের বীজ বপন করাই প্রকৃত সভ্যতার সাধনা।

একটি জাতি কত বড় বড় দালান নির্মাণ করেছে, কত উড়োজাহাজ আকাশে উড়িয়েছে, কত আধুনিক প্রযুক্তি আবিষ্কার করেছে–এসব দিয়ে তার উন্নয়নের পরিচয় পাওয়া যায়; কিন্তু সভ্যতার পরিচয় পাওয়া যায় মানুষের আচরণে, চিন্তায় এবং অন্যের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে। কারণ প্রযুক্তি মানুষের হাতকে শক্তিশালী করে, আর মানবিকতা মানুষের হৃদয়কে মহৎ করে তোলে। হৃদয়ে মনুষ্যত্বের আলো না জ্বললে বাহ্যিক উন্নয়ন অনেকটা প্রদীপহীন প্রাসাদের মতোই নিষ্প্রভ।

প্রকৃত সভ্যতার ভিত্তি হলো যুক্তিবোধ, ন্যায়বিচার, সৌন্দর্যচেতনা ও পরিশীলিত মূল্যবোধ। যেখানে অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তির চর্চা হয়, প্রতিহিংসার পরিবর্তে সহিষ্ণুতা প্রতিষ্ঠিত হয়, স্বার্থপরতার পরিবর্তে পরার্থপরতা বিকশিত হয়, সেখানেই সভ্যতার প্রকৃত বিকাশ ঘটে। যে সমাজে মানুষের পরিচয় ধর্ম, বর্ণ, অর্থ কিংবা রাজনৈতিক অবস্থান দিয়ে নির্ধারিত হয় না; বরং মানুষ হিসেবে তার মর্যাদা স্বীকৃতি পায়, সেই সমাজই সভ্যতার পথে এগিয়ে যায়।

সভ্যতা কখনো অলসতার কোলে জন্ম নেয় না। এর জন্য প্রয়োজন নিরন্তর জ্ঞানচর্চা, সৃজনশীল চিন্তা, শিল্প–সাহিত্যের অনুশীলন এবং বিবেকের জাগরণ। সাহিত্য মানুষের অনুভূতিকে প্রসারিত করে, শিল্প সৌন্দর্যের চোখ খুলে দেয়, দর্শন প্রশ্ন করতে শেখায়, আর বিজ্ঞান অজানাকে জানার সাহস জোগায়। এসবের সম্মিলিত সাধনাই মানুষের মনোজগৎকে সমৃদ্ধ করে। তাই শিক্ষিত হওয়া আর সভ্য হওয়া এক কথা নয়। শিক্ষা মানুষকে তথ্য দিতে পারে, আর প্রকৃত সভ্যতা তাকে সেই জ্ঞানের মানবিক ব্যবহার করতে শেখায়। রাষ্ট্র সভ্যতার বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষের অন্তরে সভ্যতার বীজ রোপণ করতে পারে না। সে কাজ ব্যক্তির নিজের। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা সভ্যতার বিকাশের অপরিহার্য শর্ত। যে রাষ্ট্রে ভিন্নমতকে শত্রুতা মনে করা হয়, দুর্বলকে অবহেলা করা হয় এবং ক্ষমতাকে ন্যায়ের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়, সেখানে বাহ্যিক উন্নয়ন থাকলেও সভ্যতার ভিত দুর্বল হয়ে পড়ে। সভ্যতা কোনো উত্তরাধিকারসূত্রে পাওয়া অলংকার নয়; এটি প্রতিদিনের আচরণে অর্জন করতে হয়। অন্যের দুঃখে সহমর্মী হওয়া, অন্যের অধিকারকে সম্মান করা, সত্যের পক্ষে দাঁড়ানো এবং নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকা–এসবই সভ্যতার নীরব অনুশীলন। এই সত্য আমাদের মানতেই হবে, সভ্যতার প্রকৃত পরিচয় ইট–পাথরের আস্তরণে নয়, মানুষের উন্নত মননে। যন্ত্রের গতিতে নয়, বিবেকের জাগরণে। যে সমাজে মানুষের চেয়ে সম্পদ বড় হয় না, ক্ষমতার চেয়ে ন্যায় বড় হয় এবং স্বার্থের চেয়ে মানবিকতা বড় হয়ে ওঠে, সেই সমাজই প্রকৃত অর্থে সুসভ্য। এখন সময় এসেছে নিজেদের দিকে ফিরে তাকানোর। আমরা কি সত্যিই সভ্যতার আলোকিত পথে এগিয়ে চলেছি, নাকি সভ্যতার মুখোশ পরে ভূতের মতো উল্টো পথে পিছিয়ে যাচ্ছি–সে প্রশ্নের উত্তর আজ আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে জোনাকি পোকা
পরবর্তী নিবন্ধআন্দোলন