ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পরিচালিত মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ‘অ্যাসেট’ প্রকল্পের আওতায় পরিচালিত রিকগনিশন অব প্রিওর লার্নিং (আরএফএল) কার্যক্রমের চারটি অকুপেশনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গত ১০ নভেম্বর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন মাহমুদুন্নবী চৌধুরী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সাইফ উল্লাহ মানসুর ও ইউনিসেফের ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন (ইউএসআই) কনসালট্যান্ট শেখ জাহাঙ্গীর হাসান মানিক।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ইনচার্জ প্রকৌশলী মো. এমরান হোসেন এবং সংশ্লিষ্ট অকুপেশনগুলোর প্রশিক্ষকেরা। এতে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফ উল্লাহ মানসুর বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সমপ্রসারণে বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই।
তরুণ প্রজন্মকে প্রচলিত শিক্ষার পাশাপাশি হাতে–কলমে দক্ষতা অর্জন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। প্রধান অতিথি বলেন, দক্ষতার স্বীকৃতিস্বরূপ অর্জিত এই সনদ প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে এগিয়ে যেতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে গ্রাফিঙ ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, টেইলরিং এন্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি











