বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব সাধনপুর ৬নং ওয়ার্ডের আলাউদ্দিন মৌলভী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে সংঘটিত অগ্নিকাণ্ডে ৪টি বসতঘরের সব মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়। সবচেয়ে বেশিক্ষতিগ্রস্ত হয় দোস্ত মোহাম্মদ ফারুকীর কন্যা ফেরদৌস বেগমের বসত ঘর । তাদের বাড়ির সব মালামাল পুড়ে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। অপর পরিবার গুলো হলো ওবাইদুস সালামের পুত্র নুরুল ইসলাম, মোহাম্মদ কামাল ও মৃত বদরুজ্জামানের পুত্র মোহাম্মদ ইউনুসের বসতঘর ।
সাধনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত হোসেন বলেন, বুধবার দুপুরে আমার ওয়ার্ডের পূর্ব সাধনপুর আলাউদ্দিন মৌলভী বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে তাদের ক্ষয়ক্ষতিসহ সার্বিক অবস্থা দেখি । এতে চারটি বসতঘরের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে যায় বলে তিনি জানান। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল বলেন, অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের
অধিকাংশ মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেতে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।












