আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১২:১২ অপরাহ্ণ

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এপ্রিলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল আর্জেন্টিনা। তার জবাবে পাল্টা এ পদক্ষেপ নিল ইরান। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোকে আইআরজিসির বিরুদ্ধে অবস্থান নেওয়ার তাগিদ দেওয়ার পর বুয়েনস এইরেস ইরানের এই বিশেষ বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল। কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা স্পষ্ট যে এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত সব পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারের ওপরই বর্তাবে।

তবে তেহরানের বিবৃতিতে আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীর কথা থাকলেও সেনাবাহিনীর কোনো উল্লেখ নেই। আইআরজিসির ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে আর্জেন্টিনার বক্তব্য ছিল, ইরানের এই বাহিনী লেবাননভিত্তিক হিজবুল্লাহকে মদদ দিয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধপ্যারাগুয়েতে ক্ষমতা হারালেন ট্রাম্পের মিত্র
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা, অবরোধের বিরুদ্ধে কিউবাকে দৃঢ় সমর্থনের অঙ্গীকার চীনের