রাঙ্গুনিয়ায় টেক্সি-বাইকের সংঘর্ষে তরুণের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সিএনজি টেক্সির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাহেদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট–মালিরহাট সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ ওই ইউনিয়নের রোশাইপাড়া এলাকার ওস্তাপাড়া গ্রামের ডেকোরেশন মিস্ত্রি মো. দেলোয়ার হোসেনের ছেলে। সাহেদ রোশাইপাড়া জামেউল উলুম মাদ্রাসা থেকে ২০২৪ সালের দাখিল ব্যাচে উত্তীর্ণ হয়েছিলেন এবং পোমরা শান্তিরহাটের তৈয়্যবিয়া হার্ডওয়্যারে চাকরি করতেন। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম হোসাইন জানান, এদিন সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে শান্তিরহাট বাজারে যাচ্ছিলেন সাহেদ। যাওয়ার পথে রোশাইপাড়া প্রবেশমুখে একটি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি টেঙির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হলে পুলিশ তা আমলে নেয়। একই দিন বাদ আসর স্থানীয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের