দেশে বিদেশি ফলের বাজার ক্রমান্বয়ে বড় হচ্ছে। একসময় উচ্চবিত্তের খাদ্যতালিকায় সীমাবদ্ধ থাকা ফলগুলো মধ্যবিত্তের ঘরেও ঢুকে পড়েছে। আপেল, কমলা, আঙুরের মতো ফলের পাশাপাশি বাজারে যুক্ত হয়েছে কিউই, অ্যাভোকাডো, ম্যাঙ্গোস্টিন, রাম্বুটান, পার্সিমন ও ডুরিয়ানের মতো বিদেশি ফল। এতে করে গত ১৬ বছরে দেশে ফল আমদানির পরিমাণ বেড়েছে পাঁচ গুণের বেশি। আমদানির ব্যয় বেড়েছে প্রায় ২২ গুণ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০০৯ সালে বাংলাদেশ ৯৭ হাজার ২৮০ টন ফল আমদানি করেছিল। শুল্ক–করসহ এসব ফল আমদানিতে ব্যয় হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। ২০২৫ সালে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৭ হাজার টনে। একই সময়ে আমদানি ব্যয় বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৮ কোটি টাকায়।
২০০৯ সালের তুলনায় ২০২৫ সালে ফল আমদানির পরিমাণ বেড়েছে ৫ দশমিক ৬ গুণ। বিপরীতে ব্যয় বেড়েছে প্রায় ২২ গুণ। শুধু আমদানির পরিমাণ বৃদ্ধি নয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, আমদানি শুল্ক ও বিভিন্ন কর বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে বলে সূত্র জানিয়েছে।
২০২৬ সালেও ফল আমদানির এই ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম ১০ মাসে দেশে ৪ লাখ ৭৭ হাজার টন ফল আমদানি হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৯ হাজার ৬১৪ কোটি টাকা। মাত্র ১০ মাসে গত পুরো বছরের আমদানির প্রায় ৮৭ শতাংশ দেশে এসেছে। ব্যয়ের পরিমাণও ২০২৫ সালের পুরো বছরের প্রায় ৮৭ শতাংশে পৌঁছেছে। বছর শেষে আমদানি ও ব্যয়ের পরিমাণ গত বছরের চেয়ে বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ফল আমদানির বাজারে সবচেয়ে বড় অংশ দখল করে আছে আপেল ও কমলা। ২০০৯ সালে দেশে আপেল আমদানি হয়েছিল ৩৪ হাজার ২৭৪ টন। ২০২৫ সালে তা বেড়ে ১ লাখ ৬৫ হাজার টনের বেশি হয়েছে। একই সময়ে কমলা আমদানি ২০ হাজার ২৫ টন থেকে বেড়ে ১ লাখ ৫৭ হাজার টনের বেশি হয়েছে। ২০২৫ সালে শুধু আপেল ও কমলা মিলে মোট ফল আমদানির প্রায় ৬০ শতাংশ ছিল। চলতি বছরের ধারাও একই রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান।
প্রচলিত ফলের পাশাপাশি দেশে বিদেশি নতুন নতুন ফলের বাজারও বাড়ছে। ২০০৯ সালে দেশে কিউই ফল আমদানি হয়েছিল মাত্র ১২৯ কেজি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৮২ কেজিতে। ২০২৬ সালের প্রথম ১০ মাসে আমদানি হয়েছে ২৪ হাজার ২১৪ কেজি। অ্যাভোকাডো, ম্যাঙ্গোস্টিন, রাম্বুটান, পার্সিমন ও ডুরিয়ানের মতো ফলও এখন দেশের ফলের বাজার ও সুপারশপে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, আগে আপেল, কমলা ও আঙুরের মতো কয়েকটি পরিচিত ফলই আমদানির বাজারে প্রাধান্য পেত। এখন বিভিন্ন দেশের নানা জাতের ফলের চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে শহরাঞ্চলের ক্রেতাদের মধ্যে বিদেশি ফলের প্রতি আগ্রহ বেড়েছে। মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারাও এখন এসব ফল কিনছেন।
ব্যবসায়ীরা বলেন, মানুষের আয় বৃদ্ধি, খাদ্যাভ্যাসের পরিবর্তন, স্বাস্থ্যসচেতনতা এবং সুপারশপ ও বিশেষায়িত ফলের দোকানের বিস্তারের কারণে আমদানি করা ফলের বাজার বড় হয়েছে। পাশাপাশি দেশের সব ধরনের ফলের চাহিদা স্থানীয় উৎপাদনের মাধ্যমে সারা বছর সমানভাবে পূরণ করা সম্ভব হয় না। বিশেষ করে আপেল, আঙুর, কমলা ও নাশপাতির মতো নাতিশীতোষ্ণ অঞ্চলের ফলের ক্ষেত্রে আমদানির কোনো বিকল্প নেই।
সংশ্লিষ্টরা বলেন, কেবলমাত্র চাহিদা বৃদ্ধি বা বাজার বড় হওয়ার কারণেই ফল আমদানির ব্যয় বাড়ছে না। ২০২২ সাল থেকে ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকার আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। ফল আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন আরোপ করা হয়। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর বাড়ানো হয়। এতে আমদানিকারকদের প্রাথমিক বিনিয়োগ বেড়ে যায় এবং ব্যবসায়িক খরচও বৃদ্ধি পায়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, আপেল, কমলা, ম্যান্ডারিন, আঙুর, নাশপাতি ও ডালিমের মতো ফলের সম্মিলিত শুল্ক–কর ২০২১ অর্থবছরে প্রায় ৮৯ শতাংশ ছিল। বর্তমানে তা বেড়ে প্রায় ১২২ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া গত পাঁচ বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য প্রায় ৪৩ শতাংশ কমেছে। ফলে একই পরিমাণ বিদেশি মুদ্রা ব্যয় করে ফল আমদানি করতে আগের চেয়ে বেশি টাকা প্রয়োজন হচ্ছে।
বিটিটিসির তথ্য অনুযায়ী, শুল্ক–কর বৃদ্ধির প্রভাব আমদানি বাণিজ্যে পড়েছে। ২০২১–২২ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছর পর্যন্ত আপেল, কমলা, ম্যান্ডারিন, আঙুর, নাশপাতি ও ডালিমের আমদানি এক–তৃতীয়াংশের বেশি কমে যায়। পরবর্তী অর্থবছরে আমদানি কিছুটা পুনরুদ্ধার হলেও আগের অবস্থায় ফেরেনি। অন্যদিকে উচ্চ শুল্ক–কর এবং ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে আমদানিকারকদের ব্যয় বেড়েছে। শেষ পর্যন্ত এর প্রভাব পড়েছে ভোক্তাদের ওপর।
ফল আমদানি সরকারের রাজস্ব আয়েরও বড় উৎস হয়ে উঠেছে উল্লেখ করে এনবিআরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২০০৯ সালে আমদানি করা ফল থেকে সরকারের শুল্ক–কর বাবদ রাজস্ব আয় হয়েছিল প্রায় ১৮৬ কোটি টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৬৭ কোটি টাকায়। ২০২৬ সালের প্রথম ১০ মাসেই এ খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ২২২ কোটি টাকা। ২০০৯ সালে ফল আমদানিতে গড়ে শুল্ক–কর আরোপের হার ছিল প্রায় ৫৯ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১২২ শতাংশে দাঁড়ায়।
বিটিটিসি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় না এমন ফলের ওপর সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে। আপেল, কমলা, ম্যান্ডারিন, আঙুর, নাশপাতি ও ডালিমের মতো ফলকে এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
ব্যবসায়ীদের মতে, ফল আমদানির ক্ষেত্রে সরকারের রাজস্ব আয়, বৈদেশিক মুদ্রার ব্যয় এবং সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা জরুরি। একদিকে উচ্চ শুল্ক–কর সরকারের রাজস্ব বাড়াচ্ছে, অন্যদিকে আমদানির খরচ বাড়িয়ে বিদেশি ফলকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তাই স্থানীয়ভাবে উৎপাদন সম্ভব নয় এমন ফলের আমদানি সহজ করা এবং দেশীয় ফল উৎপাদন ও সংরক্ষণব্যবস্থা আধুনিকায়ন ও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।












