গার্মেন্টস শ্রমিক নিহতের ঘটনায় স্কপ, চট্টগ্রামের নিন্দা ও প্রতিবাদ; ক্ষতিপূরণ, গ্রেফতারকৃতদের মুক্তি ও চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবি

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৬:৪০ অপরাহ্ণ

অদ্য ১১ নভেম্বর ২০২৬, বুধবার, এনায়েত বাজারস্থ বিলস কার্যালয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রামের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কপ, চট্টগ্রামের যুগ্ম-সমন্বয়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম-সমন্বয়ক সৈয়দ রবিউল হক শিমুল।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন, বিএলএফ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল আবছার তৌহিদ, বিএসএফ চট্টগ্রাম বিভাগের সভাপতি সোহাগ হোসেন, টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রিজওয়ানুর রহমান খান, শ্রমিক ফ্রন্টের আল কাদেরী জয়, জেএসজের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং বিএলএফ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা, যুব ট্রেড ইউনিয়ন নেত্রী লুৎফন নাহার সোনিয়া।

সভায় ঢাকায় সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে একজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করা হয়। একই সঙ্গে নিহত শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং এ ঘটনার সঙ্গে জড়িত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। সভায় নিহত শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

সভা থেকে আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, চাকরিচ্যুত শ্রমিকদের স্বপদে পুনর্বহাল এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সভায় আরও বলা হয়, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান খাত গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা জরুরি। শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবন-জীবিকা সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অহেতুক আন্দোলন-সংগ্রাম ও শিল্পকে অস্থিতিশীল করার সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসেলফি তোলার সময় পায়ের নিচে চসিক প্রশাসকের ছবি, থানায় দুই কিশোর-কিশোরী