পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ : সংসদে মৎস্যমন্ত্রী

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দেশে গত পাঁচ অর্থবছরের হিসাবে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমার তথ্য দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ২০২১–২২ অর্থবছরে উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে তা কমে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন হতে পারে বলে প্রাক্কলন করেছে সরকার। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। খবর বিডিনিউজের।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১–২২ অর্থবছরে দেশে ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন ইলিশ উৎপাদিত হয়। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে। এরপর টানা তিন অর্থবছরে ইলিশের উৎপাদন কমেছে। ২০২৩–২৪ অর্থবছরে উৎপাদন হয় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন। ২০২৪–২৫ অর্থবছরে তা আরও কমে দাঁড়ায় ৫ লাখ ২ হাজার ৪৪৪ টনে। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে। এ হিসাবে ২০২১–২২ অর্থবছরের তুলনায় ইলিশের উৎপাদন কমেছে ১ লাখ ৪৭ হাজার ৯৩ টন বা ২৫ দশমিক ৯৬ শতাংশ।

পাবনা–৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মৎস্যমন্ত্রী ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, দেশে উৎপাদিত মোট মাছের প্রায় ১০ শতাংশ ইলিশ। একক প্রজাতি হিসেবে দেশের মাছ উৎপাদনে ইলিশের অবদান সবচেয়ে বেশি।

ইলিশের উৎপাদন বাড়ানো এবং টেকসই উৎপাদন নিশ্চিত করতে মেঘনার উজান ও ভাটির অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদীগুলোতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখাসহ ইলিশের প্রজনন ও সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

মন্ত্রী জানান, মা ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এছাড়া জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় ২০২৫–২৬ অর্থবছরে চার মাসে ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ টন চাল দেওয়া হয়েছে। একই অর্থবছরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন উপকূলীয় এলাকায় মাছ আহরণ বন্ধ ছিল। এ সময়ে ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ টন চাল দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করতেও সরকার উদ্যোগ নিয়েছে, বলেন আমিন উর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অঞ্চলে রয়েছে ৪১৩৫টি ইভিএম, ধ্বংসের চিন্তা ইসির