নগরীর খুলশীর ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর মোহাম্মদ হৃদয় খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ২৯ অক্টোবর একই আদালত তাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরেস্ট) আদেশ দেয়। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজাদীকে বলেন, মোহাম্মদ হৃদয় খুনের মামলায় বগার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে ১৬ বছরের কিশোর মোহাম্মদ হৃদয়কে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় কিশোরের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রমতে, স্থানীয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে হৃদয় খুন হয়।









