টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত সানাউল্লাহর বসতঘর থেকে ২টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ। গত রোববার বিকেলে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে ক্যাম্পের এইচ ব্লক এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে এইচ ব্লকে অবস্থিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে উক্ত বসতঘর থেকে ২টি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, বিভিন্ন প্রকার দেশিয় ধারালো অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধার আলামতের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের খালি ম্যাগাজিন, তাজা গুলি, স্টিলের চাকু, লোহার দা, হেঙো ব্লেড, বিভিন্ন পরিচয়পত্রের ফটোকপি। তিনি আরও বলেন, উক্ত যৌথ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।







