মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। আটকরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) ও ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। ওই সময় সার পাচারের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায়। এ সময় তাকে সেখানে পাওয়া না যাওয়ায় আটক করা যায়নি বলে জানায় পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচার সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।












